সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৬:০২ পিএম
বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল এএসএম রিদওয়ানুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার মানসিকতা নিয়ে শিক্ষাজীবনে এগিয়ে যেতে হবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।মেজর জেনারেল রিদওয়ানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় জীবন এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায়।
এই জীবনে সুখকর মুহূর্ত ও চ্যালেঞ্জ দুটোই থাকবে, যার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো আলোকিত মানুষ হওয়া।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবন পুঁথিগত বিদ্যার বাইরের এক নতুন জীবন, যেখানে মুক্তচিন্তা ও উদ্ভাবনী চিন্তার সুযোগ রয়েছে। তবে স্বাধীনতা মানে যা খুশি তা করা নয়, বরং এর সঙ্গে শৃঙ্খলাবোধ, শ্রদ্ধাশীলতা ও সহনশীলতা থাকতে হবে। মতের অমিল হলেও তা মার্জিত ও গঠনমূলকভাবে প্রকাশ করা উচিত।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো বিশ্বমানের শিক্ষা প্রদান এবং শিক্ষার্থীদের বৈশ্বিক চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করা। তিনি জানান, তাদের গ্র্যাজুয়েটরা গুগল ও অ্যামাজনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন। তিনি বলেন, শুধু শিক্ষা প্রদানই নয়, মানবিক ও সহনশীল মানুষ তৈরি করাও তাদের লক্ষ্য।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন