রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষকদের আন্দোলনে অচল প্রেস ক্লাবের সামনের সড়ক, যান চলাচল বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ১২:৪৩ পিএম

শিক্ষকদের আন্দোলনে অচল প্রেস ক্লাবের সামনের সড়ক, যান চলাচল বন্ধ

ছবি - সংগৃহীত

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ঢাকার রাজপথে নেমেছেন দেশের হাজার হাজার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে তারা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন।

সারাদেশ থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষকের উপস্থিতিতে প্রেস ক্লাবের সামনের পল্টন থেকে হাইকোর্ট অভিমুখী সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, গত আগস্ট মাসে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার তাদের এই দাবিগুলো পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কিন্তু সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়, যা তারা ‘প্রহসন’ হিসেবে আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছেন।জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, “আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

তিনি আরও জানান, আজকের কর্মসূচি থেকে দাবি আদায় না হলে সারাদেশে লাগাতার কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।এই আন্দোলনের ফলে রাজধানীর কেন্দ্রস্থলে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে এবং সচিবালয় ও মেট্রোরেলের প্রবেশ পথেও মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।