রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পুলিশি হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন, কর্মবিরতিতে শিক্ষকরা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ১০:০৯ এএম

পুলিশি হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন, কর্মবিরতিতে শিক্ষকরা

ছবি - সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ডাকে এই কর্মসূচির ফলে দেশের হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

এর আগে, গতকাল রোববার (১২ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার শিক্ষক তাদের দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। কিন্তু দুপুর পৌনে ২টার দিকে পুলিশ রাস্তা থেকে তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। শিক্ষকরা অভিযোগ করেছেন, পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে এবং জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, এতে বেশ কয়েকজন শিক্ষক গুরুতর আহত হন।

এই ‘ন্যক্কারজনক’ হামলার প্রতিবাদেই জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সারাদেশে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন। তিনি বলেন, “দাবি আদায়ের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এবং হামলার বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।”

শিক্ষকদের মূল দাবিগুলো হলো—মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য মূল বেতনের ৭৫ শতাংশ হারে উৎসব ভাতা প্রদান।এদিকে, পুলিশি বাধার পর ছত্রভঙ্গ হয়ে যাওয়া শিক্ষকরা বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।