মোঃ মোমিনুল ইসলাম
অক্টোবর ১৪, ২০২৫, ১১:১২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে দিনাজপুরে মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৪ অক্টোবর, ২০২৫) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষক-কর্মচারী এতে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, দীর্ঘ দিন ধরে তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছেন, কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নামমাত্র বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।

শিক্ষকদের প্রধান দাবিগুলো হলো:
এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা।
২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি করা।
চিকিৎসা ভাতা বৃদ্ধি করা।
পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান করা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও কর্মবিরতি চলবে এবং তারা ক্লাসে ফিরে যাবেন না। এর ফলে জেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়।
মানববন্ধনে বক্তারা ঢাকায় শিক্ষক সমাবেশে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, শিক্ষকরা শান্তিপূর্ণভাবে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য সমাবেশ করলেও তাদের ওপর হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক। তারা অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা ড. সৈয়দ রেদোয়ানুর রহমান, ইলিয়াস আলী, মারুফা বেগম এবং ইয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।