বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

তিন দাবিতে শিক্ষকদের লাগাতার অনশন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৫, ১২:১৬ পিএম

তিন দাবিতে শিক্ষকদের লাগাতার অনশন

ছবি - সংগৃহীত

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের আন্দোলনকে আরও তীব্র করেছেন। লাগাতার অবস্থান কর্মসূচির সপ্তম দিনে এসে তারা আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ‘কালো পতাকা মিছিল’ করার কর্মসূচি ঘোষণা করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ায় এবং তার ‘অসৌজন্যমূলক আচরণের’ প্রতিবাদে শুক্রবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষক নেতারা।এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন,

“গত রোববার থেকে আমাদের এই অবস্থান কর্মসূচি এখন অনশনে রূপ নিয়েছে। আমরা প্রতিজ্ঞা করেছি, ন্যায্য দাবি আদায় না করে এবং প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনার ত্যাগ করব না। প্রয়োজনে এখান থেকে আমাদের লাশ যাবে।”তিনি আরও জানান, “আজ দুপুরে আমরা কালো পতাকা মিছিলের মাধ্যমে রাষ্ট্রের এই অবহেলার প্রতিবাদ জানাব।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলে, শিক্ষক নেতারা তা প্রত্যাখ্যান করেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তাদের এই আন্দোলনে ইতোমধ্যে ডাকসুসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সংহতি প্রকাশ করেছে।