অক্টোবর ১৮, ২০২৫, ০২:০৩ পিএম
বেতন-ভাতা বৃদ্ধি ও শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ‘কালো পতাকা মিছিল’ করেছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা সংলগ্ন সড়কে এসে শেষ হয়।
বর্তমানে শিক্ষকরা সেখানেই রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন, যার ফলে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।এদিকে, ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর নেতৃত্বে শিক্ষকদের একটি অংশ তাদের ‘আমরণ অনশন’ কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে অব্যাহত রেখেছেন। আজ তাদের অনশনের দ্বিতীয় দিন চলছে।
আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তাদের প্রধান দাবিগুলো হলো—মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া প্রদান, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করা।
উল্লেখ্য, গত রোববার থেকে শিক্ষকরা এই লাগাতার আন্দোলন শুরু করেন। ওইদিন প্রেস ক্লাবের সামনে পুলিশি বাধার শিকার হওয়ার পর তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন