বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হাসিনা বাংলাদেশকে তার একান্ত সম্পদ মনে করেছিল : শিবির সভাপতি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৫, ০৮:০৬ পিএম

হাসিনা বাংলাদেশকে তার একান্ত সম্পদ মনে করেছিল : শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে তার একান্ত সম্পদ মনে করতেন এবং যা ইচ্ছা তাই করতেন। তার অহংকার ও জুলুমের কারণেই পতন হয়েছে বলে তিনি মন্তব্য করেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান অনুষদ মাঠে ছাত্রশিবির আয়োজিত 'কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড-২০২৫' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জাহিদুল ইসলাম আরও বলেন, কবি মতিউর রহমান মল্লিক একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মূল উদ্দেশ্য জ্ঞান অর্জন করা, কিন্তু বর্তমান ব্যবস্থা শিক্ষার্থীদের কেবল একটি সার্টিফিকেট নিয়ে চাকরির পেছনে ছোটাচ্ছে। জ্ঞানের প্রতিযোগিতার দিক থেকে আমাদের আরও অগ্রসর হতে হবে। পৃথিবীতে সবাই জ্ঞান অর্জন করে, কিন্তু উপলব্ধি করার দিকে অগ্রসর হয় না।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ছাত্রশিবির মেধাবীদের মূল্যায়ন করে। তিনি নিজের শিক্ষাজীবনের  পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং পরবর্তীতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার ক্ষেত্রে আল্লাহর রহমত ও সংগঠনের ভূমিকার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, বিগত সতেরো বছর ধরে মুসলিম পরিচয় দিতে অনেককে হীনমন্যতায় ভুগতে হয়েছে। তিনি বলেন, 'আমরা আল্লাহর কাছে চাওয়ার জন্য মসজিদকে উত্তম জায়গা মনে করি। বিশ্ববিদ্যালয়ে সব ধর্ম ও মতের প্রোগ্রাম ও চর্চা চলবে। এখানে কেউ কোনো বৈষম্যের শিকার হবে না।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউটিএলের (বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক) কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, জবির হল প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা, জবি ইউটিএলের অধ্যাপক ড. আবু লায়েক, কৃষিবিড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী আফজালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা।