নভেম্বর ১৯, ২০২৫, ০৯:৩৪ পিএম
৭৪তম মিস ইউনিভার্সের মহামঞ্চে আলোর ঝলকানি জ্বলার আগেই নেমে এসেছে তুমুল বিতর্কের ঝড়। আগামী শুক্রবার (২১ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককে বসবে এবারের আসর। তার আগ মুহূর্তেই প্রতিযোগিতার মূল বিচারক প্যানেল থেকে পরপর দুই সদস্যের পদত্যাগ রীতিমতো প্রশ্নবিদ্ধ করেছে পুরো আয়োজনকে।
প্রতিযোগীদের মধ্যে থেকে একজন সরাসরি অভিযোগ তুলেছেন নির্বাচন প্রক্রিয়ায় ভয়াবহ কারচুপির কথা।এই বিতর্কের সূত্রপাত হয় মূল আট সদস্যের জুরি প্যানেল থেকে সরে দাঁড়ানো লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশের মাধ্যমে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি দাবি করেন, তাকে ছাড়াই একটি অস্থায়ী জুরি গঠন করে ১৩৬ দেশের প্রতিনিধির মধ্য থেকে ৩০ জনকে বেছে নেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ওই অস্থায়ী জুরিতে এমন কয়েকজন আছেন, যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এতে স্বার্থের দ্বন্দ্ব তৈরির আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।ওমর হারফুশের এমন বিস্ফোরক অভিযোগের কয়েক ঘণ্টা পরই আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে, 'অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণ' দেখিয়ে প্যানেল থেকে সরে দাঁড়ান।এবারের মিস ইউনিভার্স আয়োজন শুরু হওয়ার আগে থেকেই নানা অস্থিরতা দেখা যাচ্ছে। এর আগে থাইল্যান্ডের এক কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের জেরে প্রতিযোগিতা-পূর্ব একটি অনুষ্ঠান ছেড়েছিলেন কয়েকজন প্রতিযোগী।
এর অল্প কিছুদিন পরই দুই বিচারকের পদত্যাগ আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে।এদিকে, এই বিতর্কিত মঞ্চেই বিশ্বের সেরা সুন্দরীদের সঙ্গে পাল্লা দিচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। জনপ্রিয়তার বিচারেও তিনি এখন শীর্ষের একেবারেই দোরগোড়ায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, জনপ্রিয়তার বিচারে ১ নম্বর স্থানটি দখল করতে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ১৪ হাজার ভোট। প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ প্রায় ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে, যা বাংলাদেশের জন্য এক নজিরবিহীন ঘটনা। আজ ১৯ নভেম্বর রাত ১০টা ৫৯ মিনিটে শেষ হচ্ছে ভোট গ্রহণের সময়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন