নভেম্বর ২২, ২০২৫, ০১:১০ পিএম
গেল কিছুদিন টানা দেশের গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা, যিনি অংশগ্রহণ করেছিলেন মর্যাদাপূর্ণ মিস ইউনিভার্স ২০২৫-এ। দেশের প্রতিনিধিত্ব করে পিপলস চয়েস ভোটে তৃতীয় স্থান অধিকার করে ইতিহাস গড়েছিলেন মাগুরার এই মেয়ে।
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৪তম আসরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ২১ নভেম্বর বাংলাদেশের সকালে।
এই আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নেওয়া মিথিলা প্রথমে খুব একটা আলোচনায় না থাকলেও, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তিনি প্রতিযোগিতায় উজ্জ্বল হয়ে ওঠেন।
সহকর্মী থেকে শুরু করে তার অনুসারীরা সামাজিক মাধ্যমে তাকে ব্যাপকভাবে সমর্থন জানাতে থাকেন, যার ফলস্বরূপ তিনি একসময় পিপলস চয়েস ভোটে শীর্ষেও উঠে গিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত টপ থার্টি থেকে তাকে এই যাত্রা সমাপ্ত করতে হয়, কিন্তু এটি বাংলাদেশের জন্য এক নতুন ইতিহাস।এবার এই অর্জনের পর তিনি তার সমর্থকদের প্রতি জানালেন ভালোবাসা এবং সমর্থনের জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা। থাইল্যান্ড থেকে পাঠানো একটি ভিডিও বার্তায় মিথিলা বলেন,
"আমি চেষ্টা করেছি, আপনারা সমর্থন করেছেন। দুটি মিলিয়েই আজ আমার জার্নি এখানে সমাপ্তি হয়েছে। ফলাফল যাই হয়েছে তাতেই আমি খুশি, কারণ আপনাদের ভালোবাসা আমাকে সাহস জুগিয়েছে। এমন ভালোবাসা দেওয়ার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।"উল্লেখ্য, আন্তর্জাতিক এই আয়োজনে এবার প্রথম হয়েছেন মেক্সিকোর ফাতিমা বোশ ফেরান্দেজ। দেশটির জন্যও এমন অর্জন এবারই প্রথম।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন