নভেম্বর ২৪, ২০২৫, ১০:৩৯ এএম
দক্ষিণের সিনে-ইন্ডাস্ট্রিতে তারকা হয়ে ওঠা সেই 'বাহুবলি' এবার জয় করলেন সমগ্র ভারতীয় সিনেমার জনপ্রিয়তার সিংহাসন। বছরের পর বছর অভিনয়ের জন্য নিজের জীবন, এমনকি বিয়ের সিদ্ধান্তও একপাশে সরিয়ে রেখেছিলেন যে প্রভাস—সেই একাগ্রতার ফসলেই এবার তিনি হলেন দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা।
ওরম্যাক্স মিডিয়ার অক্টোবর মাসের জরিপে শাহরুখ খান, থালাপাতি বিজয়, আল্লু অর্জুন—সবাইকে পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছেন এই তেলেগু আইকন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ওরম্যাক্স মিডিয়া তাদের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেতার তালিকা প্রকাশ করেছে।
দশজনের এই তালিকায় Prabhas-এর পরেই রয়েছেন:
দ্বিতীয় স্থানে: থালাপাতি বিজয়
তৃতীয় স্থানে: আল্লু অর্জুন
চতুর্থ স্থানে: শাহরুখ খান
পঞ্চম স্থানে: অজিত কুমার
ষষ্ঠ স্থানে: জুনিয়র এনটিআর
সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে যথাক্রমে রয়েছেন মহেশ বাবু, রাম চরণ, পবন কল্যাণ ও সালমান খান।
'ইয়ং রেবেল' হিসেবে পরিচিত প্রভাস ২০০২ সালে 'ঈশ্বর' সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো 'কল্কি', যা গত বছরের ২৭ জুন মুক্তি পায়। নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে ছিলেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন ও দিশা পাটানির মতো শিল্পীরা।
প্রভাস ইতোমধ্যে তার নতুন সিনেমা 'রাজা সাব'-এর শুটিং শেষ করেছেন, যেখানে সহশিল্পী হিসেবে রয়েছেন—সঞ্জয় দত্ত, বোমান ইরানি, মালবিকা মোহনান ও নিধি আগরওয়ালের মতো তারকারা। সব ঠিক থাকলে বড় বাজেটের এ সিনেমা আগামী বছরের ৯ জানুয়ারি মুক্তির কথা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন