ডিসেম্বর ৮, ২০২৫, ১২:৩৮ পিএম
হলিউডের বিখ্যাত গুপ্তচর চরিত্র জেমস বন্ড এবার বলিউডের বাদশাহ শাহরুখ খানকে দেখা যাবে কিনা, এমনই একটি গুঞ্জন সাম্প্রতিক সময়ে ভক্তদের মনে ঝড় তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ফ্যানপেজে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল যে, ‘তাহলে কি ০০৭ এজেন্টের স্যুট পরে অ্যাকশন জমিয়ে দেবেন শাহরুখ?
সেই জল্পনার মাঝে অবশেষে মুখ খুললেন কিং খান নিজেই। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে শাহরুখকে বেশ কিছু অ্যাকশনধর্মী সিনেমায় দেখা যাওয়ায় লন্ডনের এক অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয় যে,
এরপর কি তাঁকে হলিউডের জনপ্রিয় চরিত্র জেমস বন্ডে দেখা যেতে পারে? উত্তরে শাহরুখ খান রসিকতার সঙ্গে বলেন, ‘না, আমার উচ্চারণ ওর মতো নয়।
ওর পছন্দের পানীয়ও আমার পছন্দ নয়। আর সত্যি বলতে, আমি তেমন বেশি লড়াকু ছবিতে কাজ করিনি।’ লন্ডনের সেই ইভেন্টে অভিনেত্রী কাজলও উপস্থিত ছিলেন। শাহরুখ মজা করে বলেন, ‘কাজল আমার জীবনে থাকায় তো প্রেমের ছবিই করেছি বেশি। বিপরীতে কাজল থাকলে লড়াইয়ের ছবি করা যায় না।’ শাহরুখের এই মন্তব্যের পর আলোচনায় কাজল মনে করিয়ে দেন, শাহরুখ শুধু তাঁর সঙ্গেই নয়, আরও অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন।
জবাবে শাহরুখ আবার বলেন, ‘ঠিক, তবে যেসব ছবিতে আমরা সবচেয়ে জনপ্রিয় হয়েছি, সেগুলোর নায়ক-নায়িকা আমরা দুজনে।’ উল্লেখ্য, সম্প্রতি লন্ডনের ব্যস্ততম লেস্টার স্কোয়ারে শাহরুখ-কাজলের মূর্তি স্থায়ীভাবে জায়গা করে নেয়। লেস্টার স্কোয়ারে স্থায়ীভাবে জায়গা পাওয়া এই মূর্তিটি কেবল জনপ্রিয় সিনেমা ‘ডিডিএলজে’র প্রতি শ্রদ্ধাই নয়, বরং ভারতীয় সিনেমার বিশ্বমঞ্চে দীর্ঘ প্রভাবেরও প্রতীক হয়ে রইল। উদ্বোধনী আয়োজনে শাহরুখ-কাজলের উপস্থিতি সেই আবেগকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন