ডিসেম্বর ১৭, ২০২৫, ০১:০৩ পিএম
ঢালিউড মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’ এবং মেজবাউর রহমান সুমনের আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নেওয়া সিনেমা ‘রইদ’ নিয়ে নিজের ভাবনা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত অভিনেতা তারিক আনাম খান।
সম্প্রতি ‘রইদ’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, “সিনেমাটি একটি বড় ফেস্টিভ্যালে (রটারডাম) মেইন কম্পিটিশনে যাচ্ছে, যা এদেশের মানুষ হিসেবে আমাদের জন্য গর্বের।
মেজবাউর রহমান সুমন এর আগে ‘হাওয়া’ দিয়ে প্রমাণ করেছেন তিনি মাটির গল্প বলতে জানেন। আমার বিশ্বাস ‘রইদ’ পুরস্কার জিতবে।শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় কাজ করছেন তারিক আনাম খান।
শাকিব সম্পর্কে এই গুণী অভিনেতা বলেন, শাকিব খান এমন একজন অভিনেতা যে চরিত্রকে নিজের মধ্যে ধারণ করে। সে নিজেকে বারবার পরিবর্তন করছে।সিনেমার গল্প বা জনরা সম্পর্কে আভাস দিয়ে তিনি বলেন:আমি যতটুকু কাজ করেছি, তাতে মনে হয়েছে ‘সোলজার’ কিছুটা পলিটিক্যাল (রাজনৈতিক) ঘরানার সিনেমা। তবে এর সঙ্গে প্রচুর এন্টারটেইনমেন্ট ও নাটকীয়তা আছে। আশা করি দর্শকরা এটি উপভোগ করবেন।
দেশের সিনেমার বর্তমান সময়কে ‘নতুন যুগ’ হিসেবে অভিহিত করে তারিক আনাম খান বলেন, আমাদের সিনেমা এখন নতুন ধারণার দিকে এগোচ্ছে। তবে এর ধারাবাহিকতা রক্ষায় সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।নতুন বছরের প্রত্যাশা নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রতিদিন যেমন নতুন সূর্য ওঠে, তেমনি আমাদের সংস্কৃতি ও চলচ্চিত্রও নতুন আলো দেখবে বলে আমি বিশ্বাস করি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন