রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিজয় দিবসে মঞ্চস্থ হলো ‘জেনারেল ওসমানী’

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:২৯ পিএম

বিজয় দিবসে মঞ্চস্থ হলো ‘জেনারেল ওসমানী’

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হলো ঐতিহাসিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনীর অংশ হিসেবে ১৬ ডিসেম্বর এই বিশেষ পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এম এ মজিদের রচনায় এবং তানভীর নাহিদ খানের পরিচালনায় এই যাত্রাপালায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল এম এ জি ওসমানীর নেতৃত্ব, রণকৌশল এবং সার্বভৌমত্বের প্রশ্নে তাঁর আপসহীন অবস্থান তুলে ধরা হয়েছে।

এতে মুক্তিবাহিনীর গোপন বৈঠক, গেরিলা যুদ্ধ গঠন, নারী মুক্তিযোদ্ধাদের অবদান এবং সাধারণ মানুষের প্রতিরোধের চিত্র এক আবেগঘন শিল্পভাষায় ফুটে উঠেছে।

যাত্রাপালাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মো. তাহাজ উদ্দিন, সুমি আক্তার, শামীম খন্দকার, আব্দুল আজিজ, মানষ কুমার ঢালীসহ একদল দক্ষ শিল্পী। নেপথ্যে মিউজিক ও কারিগরি সহায়তায় ছিলেন একঝাঁক অভিজ্ঞ কলাকুশলী। শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিটের এই পরিবেশনা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ মিনিটে শিল্পকলায় নিবন্ধিত ৩৬টি দলের ৩৬টি পালা প্রদর্শিত হচ্ছে।

বিজয় দিবসের বিশেষ এই পালাসহ মোট ৩৭টি যাত্রাপালা মঞ্চস্থ হবে এবারের উৎসবে।টিকিট ও কনসার্ট: প্রতিটি প্রদর্শনীর টিকিটের মূল্য রাখা হয়েছে মাত্র ১০০ টাকা, যা সংশ্লিষ্ট যাত্রাদলগুলোকে প্রদান করা হবে। এ ছাড়া প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। জুরি বোর্ডের মাধ্যমে প্রতিদিনের পালাগুলো মূল্যায়ন করা হচ্ছে।