বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বড়দিন উপলক্ষে শিল্পকলায় সাংস্কৃতিক সন্ধ্যা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৫:৩৬ পিএম

বড়দিন উপলক্ষে শিল্পকলায় সাংস্কৃতিক সন্ধ্যা

একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে ঈদ, পূজা ও বৌদ্ধ পূর্ণিমার পর এবার বর্ণিল আয়োজনে পালিত হতে যাচ্ছে শুভ বড়দিন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় একাডেমি প্রাঙ্গণের নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বড়দিনের শাশ্বত বাণী—শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে ছড়িয়ে দিতে এই আয়োজনে থাকছে বৈচিত্র্যময় পরিবেশনা।

অনুষ্ঠানে দেশের খ্যাতিমান ও তরুণ শিল্পীদের কণ্ঠে বড়দিনের বিশেষ সংগীত, ক্যারল সং এবং ঐতিহ্যবাহী কীর্তন পরিবেশিত হবে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, এই বর্ণাঢ্য আয়োজনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য যে, বর্তমান সরকারের অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি চর্চার অংশ হিসেবে ২০২৫ সালে প্রতিটি বড় ধর্মীয় উৎসবে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এর আগে পবিত্র ঈদুল ফিতর, বৌদ্ধ পূর্ণিমা, ঈদুল আযহা এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিল্পকলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বড় ধরনের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিনেও সম্প্রীতির সেতুবন্ধন তৈরিতে নন্দনমঞ্চ সাজছে নতুন সাজে।