রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দীপিকার পাশে দাঁড়ালেন কাল্কি কোয়েচলিন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ০৬:১২ পিএম

দীপিকার পাশে দাঁড়ালেন কাল্কি কোয়েচলিন

মাতৃত্বকালীন ছুটির পর কাজে ফিরে নিজের জন্য নতুন নিয়ম বেঁধে দিয়েছেন বলিউডের ‘লেডি সুপারস্টার’ দীপিকা পাড়ুকোন। ক্যামেরার সামনে দিনে ৮ ঘণ্টার বেশি সময় দেবেন না—তাঁর এমন অনড় সিদ্ধান্তে বলিপাড়ার চেনা সমীকরণ যেন পাল্টে গেছে।

গুঞ্জন রয়েছে, এই শর্তের কারণে চলতি বছরে বেশ কয়েকটি বড় প্রজেক্ট হাতছাড়া হয়েছে তাঁর। ইন্ডাস্ট্রি যখন এই নিয়ে দ্বিধাবিভক্ত, ঠিক তখনই দীপিকার সমর্থনে জোরালো কণ্ঠ তুললেন আরেক প্রতিভাবান অভিনেত্রী কাল্কি কোয়েচলিন।

সম্প্রতি নিজের আন্তর্জাতিক চলচ্চিত্র ‘হার সং’-এর শুটিং শেষ করেছেন কাল্কি। সেই কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কর্মপরিবেশ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

কাল্কি মনে করেন, দীপিকা কাজের সময়ের যে দাবি তুলেছেন, তা একজন শিল্পীর সৃজনশীলতার জন্য অত্যন্ত যৌক্তিক ও জরুরি।এক সাক্ষাৎকারে কাল্কি বলেন, “বিদেশের ছবির শুটিংয়ের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো সেটে বাড়তি লোক থাকে না। ফলে কাজটা খুব দ্রুত, গোছানো এবং নিখুঁতভাবে শেষ হয়। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির শুটিং সেটে সবসময়ই অপ্রয়োজনীয় ভিড় লেগে থাকে। এই শৃঙ্খলাটা আমাদের ওদের থেকে শেখা উচিত।

বলিউডের দীর্ঘ কর্মঘণ্টা নিয়ে সমালোচনা করে কাল্কি আরও বলেন, “এখানে শিফট ১২ ঘণ্টার হলেও দেখা যায় সময়মতো কাজ শুরু হয় না, আবার শেষও হয় না। কাজের পরিবেশ আনন্দদায়ক হওয়া খুব জরুরি। আমরা বর্তমানে যে বিশৃঙ্খলার মধ্যে কাজ করি, তা সৃজনশীল কাজের জন্য কোনোভাবেই ইতিবাচক নয়।”

বিশ্লেষকদের মতে, দীপিকার এই সিদ্ধান্ত এবং কাল্কির সমর্থন কেবল ব্যক্তিগত পছন্দের বিষয় নয়, বরং এটি বলিউডে কাজের সুষ্ঠু পরিবেশ ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মাতৃত্বের পর নিজের শর্তে কাজ করার সিদ্ধান্তে দীপিকা যে একা নন, কাল্কির এই প্রকাশ্য সমর্থন সেটাই প্রমাণ করল।