রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সব সংশয় কাটিয়ে শুটিংয়ে শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৪:৪৮ পিএম

সব সংশয় কাটিয়ে শুটিংয়ে শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স

আসন্ন ঈদুল ফিতরকে রাঙাতে বড় পর্দায় নতুন সিনেমা নিয়ে আসছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সিনেমার নাম ‘প্রিন্স’। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার থেকে রাজধানী ঢাকায় শুরু হয়েছে এই মেগা প্রজেক্টের দৃশ্যধারণ।

এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে তিন জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূরকে।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে আবু হায়াত মাহমুদের। শুরুর দিকে শুটিং ও ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে নানা গুঞ্জন থাকলেও এখন সব সংশয় কাটিয়ে পুরোদমে কাজ শুরু করেছে টিম প্রিন্স।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ঢাকায় চার দিন শুটিং শেষে আগামী সপ্তাহে পুরো টিম শ্রীলঙ্কায় উড়াল দেবে। শাকিব খান শ্রীলঙ্কার অংশের শুটিংয়ে সরাসরি যোগ দেবেন। সিনেমায় শাকিব খান ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার ও ডাক্তার এজাজ। সিনেমাটি নব্বই দশকের গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনীনির্ভর কি না এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে নির্মাতা হায়াত মাহমুদ তা নাকচ করে দেন।

তিনি জানান এটি কোনো ব্যক্তির বায়োপিক নয় বরং সম্পূর্ণ মৌলিক ও বিনোদনধর্মী একটি গল্প। মানসম্মত নির্মাণের মাধ্যমে আগামী ঈদে দর্শকদের চমকে দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান। দীর্ঘ বিরতির পর এমন বড় বাজেটের সিনেমার শুটিং শুরু হওয়ায় চলচ্চিত্র পাড়ায় নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।