জানুয়ারি ১০, ২০২৬, ১২:৫৩ পিএম
‘কামিনে’ এবং ‘হায়দার’-এর মতো কালজয়ী সিনেমার পর আবারও বড় পর্দায় ম্যাজিক তৈরি করতে ফিরছে শহীদ কাপুর ও পরিচালক বিশাল ভরদ্বাজ জুটি। শুক্রবার (৯ জানুয়ারি) অভিনেতা তার আসন্ন সিনেমা ‘ও রোমিও’-র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
প্রকাশিত পোস্টারে শহীদ কাপুরকে একেবারে অচেনা ও ভয়ংকর রূপে দেখা গেছে। ছবিতে মুখ হা করে চিৎকার করতে দেখা যায় তাকে। তার মুখ, ঘাড় ও হাতে রক্তের ছাপ, কাটা দাগ এবং ট্যাটু স্পষ্ট।
পরনে কালো রঙের আধখোলা শার্ট, হাতে আংটি ও ব্রেসলেট—সব মিলিয়ে এক রুক্ষ, তীব্র ও অন্ধকার জগতের আবহ তৈরি করেছে তার এই লুক।
পোস্টার শেয়ার করে ক্যাপশনে শহীদ লিখেছেন, “রোমিও ও রোমিও তুমি কোথায় ও রোমিও... ‘ও রোমিও’-এর জগতে একবার উঁকি দিন। আগামীকাল বেরোচ্ছে।” অর্থাৎ, আজ শনিবার (১০ জানুয়ারি) ছবিটির ট্রেলার মুক্তি পেতে যাচ্ছে।জানা গেছে, ‘ও রোমিও’ বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী ট্র্যাজেডি ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে নির্মিত। তবে বিশাল ভরদ্বাজ মানেই ভিন্ন কিছু; তাই এটি একটি আধুনিক এবং ডার্ক বা অন্ধকার ধাঁচের গল্প হবে বলে ধারণা করা হচ্ছে। সিনেমায় প্রেম, রাগ, আবেগ ও বিশ্বাসঘাতকতার মতো বিষয়গুলো উঠে আসবে।
ছবিটিতে শহীদ কাপুরের বিপরীতে অভিনয় করছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দিমরি। সিনেমাটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সবকিছু ঠিক থাকলে ভালোবাসা দিবসকে সামনে রেখে আগামী ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ও রোমিও’।বিশাল ভরদ্বাজ ও শহীদ কাপুর জুটি মানেই দর্শকদের জন্য বিশেষ কিছু। এর আগে তাদের ‘কামিনে’ (২০০৯) ও ‘হায়দার’ (২০১৪) সমালোচক ও দর্শক—উভয় মহলেই ব্যাপক প্রশংসিত হয়েছিল। তাই এক দশক পর তাদের এই পুনর্মিলন নিয়ে ভক্তদের প্রত্যাশা আকাশচুম্বী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন