ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৮:২৬ পিএম
আসন্ন ঈদুল ফিতরে বড়পর্দায় ঝড় তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘প্রিন্স’-এর মাত্র ১৬ সেকেন্ডের একটি মোশন ফার্স্ট লুক, আর তাতেই নেটদুনিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। হাড়হিম করা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে শাকিবকে দেখা গেছে একদমই ভিন্ন ও বিধ্বংসী এক লুকে।
বড় চুল, মুখভর্তি দাড়ি, চোখে কালো চশমা আর হাতে এক অদ্ভুত ডিজাইনের বিশাল ‘মিউজিক্যাল বন্দুক’ নিয়ে সুপারস্টার জানান দিলেন—এবারের ঈদে বিনোদনের সংজ্ঞাই বদলে যাবে।
আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স’ সিনেমাটি হতে যাচ্ছে ঢালিউডের অন্যতম বড় বাজেটের বাণিজ্যিক অ্যাকশন সিনেমা। ছবিটির একটি বিশেষ অংশ শ্রীলঙ্কার লোকেশনে শুট করা হয়েছে। টিজার পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে— ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’।
শুরুতে এটি কোনো অপরাধ জগতের ডনের জীবনীনির্ভর ছবি কি না তা নিয়ে জল্পনা থাকলেও পরিচালক স্পষ্ট করেছেন যে, এটি সম্পূর্ণ মৌলিক গল্পের ছবি।সিনেমাটিতে শাকিব খানের সাথে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, সাবিলা নূর এবং কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু।
এছাড়াও খল চরিত্রে দেখা যাবে নাসির উদ্দিন খান ও রাশেদ মামুন অপুর মতো শক্তিমান অভিনেতাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিবের এই রাফ অ্যান্ড টাফ লুক প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। নেটিজেনদের মতে, শাকিব আবারও প্রমাণ করলেন কেন তিনি ঢালিউডের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন