মার্চ ২৪, ২০২৬, ১২:৪৪ পিএম
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা মানেই সাধারণত বক্স অফিসে রেকর্ড ভাঙাগড়ার খেলা। তবে এবারের ঈদুল ফিতরে সেই চেনা সমীকরণ কিছুটা পাল্টে গেছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিত শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ দর্শকদের প্রত্যাশা পূরণে বেশ হিমশিম খাচ্ছে।
মুক্তির আগে সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রবল উদ্দীপনা দেখা গেলেও প্রেক্ষাগৃহে কাঙ্ক্ষিত দর্শক টানতে পারছে না এই আলোচিত সিনেমাটি। ঢাকাই সিনেমার এই সুপারস্টারের ব্যবসায়িক আধিপত্য নিয়ে এখন চলচ্চিত্র পাড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
চলচ্চিত্র সংশ্লিষ্ট তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান বিএমআর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার আয়ের গ্রাফ এখন পর্যন্ত বেশ নিম্নমুখী।
মুক্তির প্রথম দিনে সিনেমাটি বক্স অফিস থেকে মাত্র ১৬ দশমিক ১৯ লাখ টাকা আয় করতে সক্ষম হয়। দ্বিতীয় দিনে আয়ের পরিমাণ কিছুটা বেড়ে ২০ দশমিক ০৬ লাখ টাকায় দাঁড়ালেও তৃতীয় দিনে তা পুনরায় কমে ১৫ দশমিক ২৯ লাখ টাকায় নেমে আসে। সব মিলিয়ে মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫১ দশমিক ৫৪ লাখ টাকা। শাকিব খানের মতো একজন বড় তারকার সিনেমার জন্য এই আয়ের চিত্র বেশ হতাশাজনক বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মিত এই সিনেমায় শাকিব খানকে একজন আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার হিসেবে একেবারে ভিন্ন ও অ্যাকশনধর্মী লুকে উপস্থাপন করা হয়েছে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। অপরাধ জগতের জটিল রাজনীতি ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে গড়ে ওঠা এই সিনেমাটি নিয়ে বড় ধরনের আশাবাদ ছিল সংশ্লিষ্টদের। তবে ঈদের বাজারে অন্যান্য সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সিনেমাটি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। আগামী দিনগুলোতে আয়ের চিত্র ইতিবাচক না হলে সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারে ব্যবসায়িক ব্যর্থতার তালিকায় যুক্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন