সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

দ্বন্দ্বে বন্ধ রাম চরণ-জাহ্নবীর সিনেমার শুটিং

বিনোদন ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ০২:০৯ পিএম

দ্বন্দ্বে বন্ধ রাম চরণ-জাহ্নবীর সিনেমার শুটিং

দক্ষিণী মেগাস্টার রাম চরণের যেকোনো সিনেমাই বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করে। তবে তার বহুল আলোচিত নতুন ছবি ‘পেদ্দি’ নিয়ে এবার বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। জানা গেছে, সিনেমার একটি বিশেষ আইটেম গানের নায়িকা নির্বাচন করা নিয়ে খোদ নির্মাতাদের সঙ্গেই দ্বন্দ্বে জড়িয়েছেন এই অভিনেতা। এই মতবিরোধের জেরে আপাতত সিনেমার শুটিং মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে। এতে রাম চরণের ভক্তদের মধ্যে নতুন করে দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে।

স্পোর্টস ড্রামা ঘরানার এই বিশাল বাজেটের সিনেমায় রাম চরণের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। পরিচালক বুচি বাবু সানার এই সিনেমার গানগুলো ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে। 

এর আগে সিনেমাটি গত ২৬ মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা পিছিয়ে ৩০ এপ্রিল চূড়ান্ত করা হয়েছিল। তবে নতুন এই দ্বন্দ্বের কারণে সেই নির্ধারিত তারিখেও সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে কি না, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমার কাজ প্রায় শেষের দিকে থাকলেও একটি আইটেম গান ও কিছু প্যাচওয়ার্কের কাজ এখনও বাকি রয়ে গেছে। এই আইটেম গানের অভিনেত্রী হিসেবে নির্মাতারা দক্ষিণী কোনো পরিচিত মুখকে নিতে চাইলেও রাম চরণের ইচ্ছা ভিন্ন। তিনি চাইছেন এমন একজন অভিনেত্রীকে যার প্যান ইন্ডিয়া বা ভারতজুড়ে শক্তিশালী জনপ্রিয়তা রয়েছে। মূলত সিনেমার বাণিজ্যিক সাফল্যের কথা চিন্তা করেই রাম চরণ এই প্রস্তাব দিয়েছেন। ইতিমধ্যে এই বিশেষ গানের জন্য ম্রুণাল ঠাকুর, পূজা হেগড়ে এবং আয়েশা খানের মতো একাধিক নাম নিয়ে আলোচনা চললেও কোনো সিদ্ধান্তই চূড়ান্ত করা সম্ভব হয়নি।

বর্তমানে সিনেমার শুটিং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ব্যক্তিগত প্রয়োজনে রাম চরণ এক সপ্তাহের জন্য ছুটিতে আছেন বলে জানা গেছে। এই বিরতির মাঝেই নির্মাতারা কাস্টিং সমস্যা সমাধান করার চেষ্টা করছেন। পরিচালক জানিয়েছেন, বাকি থাকা অংশের কাজ শেষ করতে অন্তত আরও দশ দিন সময় লাগবে। ফলে সব কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নতুন করে মুক্তির তারিখ ঘোষণা করা হবে না বলে জানানো হয়েছে। প্রায় ২৫০ থেকে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি আশির দশকে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে যেখানে শিবা রাজকুমার ও দিব্যেন্দু শর্মার মতো প্রভাবশালী তারকারাও অভিনয় করছেন।