শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

মনোনয়ন পাননি চমক, ফেসবুকে যা লিখলেন

বিনোদন ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০৫:১৭ পিএম

মনোনয়ন পাননি চমক, ফেসবুকে যা লিখলেন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি ছোট পর্দার আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে মনোনয়ন না পেলেও এ নিয়ে কোনো আক্ষেপ প্রকাশ না করে বরং অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সোমবার বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন এই অভিনেত্রী।

ফেসবুক বার্তায় চমক কুষ্টিয়া জেলা থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়া ফরিদা ইয়াসমিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। রাজনীতিতে নিজের নতুন পথচলার কথা উল্লেখ করে তিনি লেখেন যে তিনি এই অঙ্গনে একেবারেই নতুন। 

সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের আবেদনের মাধ্যমেই তাঁর রাজনীতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। মনোনয়ন না পেলেও দল থেকে যে ধরনের সমর্থন ও সহযোগিতা তিনি পেয়েছেন, তার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেছেন চমক।

অভিনেত্রী চমক আরও জানান যে তাঁর রাজনীতির মূল লক্ষ্য হলো দেশ ও সাধারণ মানুষের সেবা করা। বিশেষ করে নিজের এলাকা কুষ্টিয়ার মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার ইচ্ছা ব্যক্ত করেন তিনি। রাজনীতির এই নতুন যাত্রায় তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করেছেন। হারজিত যাই হোক, মানুষের পাশে থাকাই তাঁর মূল উদ্দেশ্য বলে তিনি মনে করেন।

ফেসবুক পোস্টের কিছুক্ষণ পরই চমক সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি লাইভে আসেন। ‍‍`নতুন যুগের সূচনা, নতুন যাত্রা‍‍` শিরোনামে করা সেই লাইভে তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক দর্শন নিয়ে কথা বলেন। শোবিজ জগতের মানুষের রাজনীতিতে আসার এই প্রবণতা এবং মনোনয়ন না পেয়েও চমকের এমন ইতিবাচক মনোভাব সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তাঁর ভক্তদের অনেকেই এই নতুন যাত্রায় তাঁকে শুভকামনা জানিয়েছেন।