এপ্রিল ২১, ২০২৬, ০১:১৯ পিএম
দক্ষিণি সিনেমার জনপ্রিয় মেগাস্টার থালাপতি বিজয় এবং তাঁর স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গমের দীর্ঘ ২২ বছরের সুখী দাম্পত্যে এখন বিচ্ছেদের সুর। বলিপাড়া থেকে শুরু করে দক্ষিণি সিনে-ইন্ডাস্ট্রি—সবখানেই এখন এই হাই-প্রোফাইল বিচ্ছেদ নিয়ে তোলপাড় চলছে। তবে কেবল বিচ্ছেদ নয়, খোরপোশ বাবদ এক বিশাল অঙ্কের টাকা দাবি করায় বিষয়টি এখন আইনি লড়াই ছাপিয়ে এক বিশাল আর্থিক যুদ্ধের দিকে মোড় নিয়েছে।
শোনা যাচ্ছে, এই বিচ্ছেদের সমঝোতায় বিজয়কে প্রায় ৩৫০ কোটি টাকা (২৫০ কোটি ভারতীয় রুপি) খোরপোশ দিতে হতে পারে।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই বিচ্ছেদ প্রক্রিয়া বর্তমানে চেন্নাইয়ের একটি পারিবারিক আদালতে বিচারাধীন রয়েছে।
তবে আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন অভিনেতা বিজয়। নির্বাচনের অন্যতম প্রার্থী হওয়ায় ব্যক্তিগত কারণে ২০ এপ্রিলের নির্ধারিত শুনানিটি স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন তিনি। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ১৫ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
এর ফলে আপাতত বিজয়ের আইনি বিচ্ছেদ প্রক্রিয়া আরও দুই মাস পিছিয়ে গেল।মামলা সূত্রের তথ্য অনুযায়ী, ডিভোর্সের বিনিময়ে সঙ্গীতা ভারতীয় মুদ্রায় ২৫০ কোটি রুপি এবং চেন্নাইয়ের একটি সমুদ্রমুখী বিলাসবহুল বাড়ি দাবি করেছেন। বিপরীতে অভিনেতা বিজয় বিষয়টি আদালতের বাইরে মিটিয়ে নিতে আগ্রহী। তিনি খোরপোশ বাবদ সর্বোচ্চ ৩৫ কোটি রুপি দিতে রাজি হলেও সঙ্গীতা নিজের দাবিতে অনড় রয়েছেন। টাকার এই বিশাল ব্যবধান নিয়ে বর্তমানে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে দর কষাকষি ও আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে। খোরপোশের এই অঙ্কটি দক্ষিণি সিনেমার ইতিহাসে অন্যতম বৃহত্তম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই দম্পতির মধ্যে ফাটল ধরার পেছনে পরকীয়ার অভিযোগ তুলেছেন সঙ্গীতা। তাঁর দাবি অনুযায়ী, বিজয়ের সাথে অন্য এক অভিনেত্রীর ঘনিষ্ঠ মেলামেশার কারণেই তাঁদের সাজানো সংসারে ভাঙন ধরেছে। ২০২১ সাল থেকে এই দম্পতির মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয় এবং একপর্যায়ে বিজয় তাঁর স্ত্রীকে ত্যাগ করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। পারিবারিক এই অশান্তির প্রভাব পড়েছে তাঁদের সন্তানদের ওপরও। বিজয়ের বড় ছেলে জেসন সঞ্জয় বাবার ওপর ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে আনফলো করেছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত বিজয় বা সঙ্গীতার পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হয়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন