এপ্রিল ২১, ২০২৬, ০৭:৪৯ পিএম
ঢাকাই সিনেমার সোনালী দিনের অন্যতম সফল ও জনপ্রিয় চিত্রনায়িকা গুলশান আরা আক্তার চম্পা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। জীবনের এই গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক সফরে তাঁর সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরাও থাকবেন বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। মঙ্গলবার (২১ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি তাঁর এই নতুন পথচলার কথা ব্যক্ত করেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারের পর আধ্যাত্মিক এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।বরেণ্য এই অভিনেত্রী জানান, তাঁর বড় দুই বোন—কিংবদন্তি অভিনেত্রী সুচন্দা ও ববিতা ইতোমধ্যেই পবিত্র হজ পালন করেছেন।
বোনদের দেখে অনুপ্রাণিত হলেও আগে বিভিন্ন ব্যস্ততার কারণে তাঁর যাওয়া হয়ে ওঠেনি। এ প্রসঙ্গে চম্পা বলেন, ‘আপা (ববিতা ও সুচন্দা) দুজনেই হজ করেছেন। তখন নানা কারণে আমার যাওয়া হয়ে ওঠেনি। এবার আল্লাহ সুযোগ দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে পরিবারের সদস্য ও ভাইকে নিয়ে এ বছরই ইনশাআল্লাহ হজ পালন করবো।’
তিনি আরও জানান, এই সফরের জন্য তিনি মানসিকভাবে দীর্ঘ দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন।মডেল হিসেবে ক্যারিয়ারের যাত্রা শুরু করলেও চম্পার ছোট পর্দায় অভিষেক হয়েছিল নাটকের মাধ্যমে। তবে ১৯৮৫ সালে খ্যাতিমান পরিচালক শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রেখেই তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। তাঁর অভিনীত ‘পদ্মা নদীর মাঝি’, ‘শঙ্খনীল কারাগার’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘অন্য জীবন’ এবং ‘মনের মানুষ’-এর মতো অসংখ্য ধ্রুপদী চলচ্চিত্র আজও দর্শক হৃদয়ে অমলিন। বিকল্প ধারা ও বাণিজ্যিক—উভয় ধরণের সিনেমাতেই তিনি সমানভাবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা চম্পা তাঁর অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী এবং দুইবার পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর গৌরব অর্জন করেন তিনি। চলচ্চিত্রের এই গ্ল্যামার জগত থেকে কিছুটা বিরতি নিয়ে এখন তিনি ধর্মীয় চর্চায় বেশি মনোনিবেশ করছেন। জীবনের দীর্ঘ সময় অভিনয় দিয়ে ভক্তদের বিনোদিত করার পর এই পবিত্র সফরের জন্য তিনি তাঁর অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন