বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

কাঞ্চন ভাইয়ের এই দুঃসংবাদ শুনতে হবে ভাবতে পারিনি: চম্পা

বিনোদন ডেস্ক

মে ১১, ২০২৬, ০৪:০৮ পিএম

কাঞ্চন ভাইয়ের এই দুঃসংবাদ শুনতে হবে ভাবতে পারিনি: চম্পা

কাঞ্চনের জন্য দোয়া চাইলেন চম্পা।

জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার সংবাদে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান।চম্পা বলেন, এটি অনেক দুঃখজনক। কখনোই ভাবতে পারিনি যে কাঞ্চন ভাইয়ের এই দুঃসংবাদ এত তাড়াতাড়ি শুনতে হবে। 

এটি মেনে নেওয়া কঠিন কারণ শুটিংয়ের সময় অনেক বড় বড় দুর্ঘটনা থেকে তিনি যুদ্ধ করে ফিরে এসেছিলেন। তার মতো মানুষ এত দ্রুত শয্যাশায়ী হবেন, তা ভাবা যায় না।

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ইলিয়াস কাঞ্চন গত সাত মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য গত ছয় মাস ধরে তিনি লন্ডনে অবস্থান করছেন। সেখানে তিনি তার একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

ইলিয়াস কাঞ্চনের অসংখ্য জনপ্রিয় সিনেমার নায়িকা চম্পা তাদের পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, পাহাড় থেকে পড়ে যাওয়ার মতো বড় দুর্ঘটনা থেকেও তিনি ফিরে এসেছিলেন। তিনি আমাদের সবার সামনে পথপ্রদর্শক হিসেবে ছিলেন এবং দেশের জন্য অনেক কাজ করেছেন।কাঞ্চনের ধর্মপরায়ণতার প্রশংসা করে অভিনেত্রী জানান, অসুস্থ অবস্থায়ও তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন। দেখা হলেই চম্পাকে নামাজ পড়ার তাগিদ দিতেন তিনি।

চম্পা বলেন, কাঞ্চন ভাইয়ের অসুস্থতার খবর শুনতে আমি প্রস্তুত ছিলাম না। আল্লাহর কাছে অনেক দোয়া করেছি। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।অভিনেত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, ইলিয়াস কাঞ্চন আবার হাসিমুখে সবার মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন। উল্লেখ্য, নিরাপদ সড়ক আন্দোলনের এই পুরোধা ব্যক্তিত্ব ২০১৮ সালে একুশে পদক পান। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। বর্তমানে চলচ্চিত্র অঙ্গনসহ তার ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।