আগস্ট ১০, ২০২৬, ১১:০৪ এএম
দীর্ঘ পনেরো মাস পর যুক্তরাজ্য থেকে ক্যানসারের চিকিৎসা নিয়ে স্বল্প সময়ের জন্য দেশে ফিরেছেন বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার খবর পেয়ে অসুস্থ এই সহকর্মীকে দেখতে শনিবার রাতে তার গুলশানের বাসায় ছুটে যান চলচ্চিত্র অঙ্গনের প্রিয় মুখ সুচন্দা ও চম্পা।প্রিয় সহশিল্পীদের কাছে পেয়ে এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন এই বর্ষীয়ান অভিনেতা।
রাত নয়টার দিকে ছেলে জয় তাকে শোবার ঘর থেকে বসার ঘরে নিয়ে আসেন। সামনে দুই বোনকে দেখে তিনি হাসিমুখে স্বাগত জানান এবং ভালোবাসার কথা প্রকাশ করেন। আড্ডার একপর্যায়ে চলচ্চিত্রজীবনের নানা স্মৃতি ও সুচন্দা প্রযোজিত ‘তিনকন্যা’ সিনেমার প্রসঙ্গ উঠে আসে। পরে তাদের অনুরোধে ‘অচেনা’ ছবির জনপ্রিয় গান ‘আর যাব না আমেরিকা’ গেয়ে শোনান ইলিয়াস কাঞ্চন। গান গাওয়ার সময় তার সঙ্গে কণ্ঠ মেলান এই দুই বোন।
চম্পা সঙ্গে করে জমজমের পানি ও কয়েকটি পাঞ্জাবি নিয়ে এসেছিলেন। তিনি নিজের হাতে কাঞ্চনকে জমজমের পানি পান করান এবং পাঞ্জাবিগুলো লন্ডনে নিয়ে যাওয়ার বিশেষ অনুরোধ করেন। প্রায় রাত সাড়ে দশটা পর্যন্ত চলা এই আড্ডার শেষে সুচন্দা আশা প্রকাশ করেন যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের এই চেয়ারম্যান। ব্রেন টিউমারের অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা তাকে ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেন। দীর্ঘদিন কেমোথেরাপি চলার পর দেশে এলেও শিগগিরই তাকে চিকিৎসার জন্য আবার ফিরে যেতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন