রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

বিনোদন ডেস্ক

এপ্রিল ২২, ২০২৬, ০৯:৫০ পিএম

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের জনপ্রিয় অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দিব্যাঙ্কা সিরোহী অকাল মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার রাতে গাজিয়াবাদের নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাত্র ৩০ বছর বয়সে উঠতি এই অভিনেত্রীর এমন আকস্মিক প্রস্থানে শোকের ছায়া নেমে এসেছে ভারতের বিনোদন অঙ্গনে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দিব্যাঙ্কা বাসায় থাকাকালীন হঠাৎ প্রচণ্ড মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। 

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক লিখিত বিবৃতি দেওয়া হয়নি।

দিব্যাঙ্কা সিরোহীর জন্ম উত্তরপ্রদেশের বুলন্দশহরে হলেও তিনি দীর্ঘকাল ধরে সপরিবারে গাজিয়াবাদে বসবাস করছিলেন। ভাই ও দুই বোনের মধ্যে দিব্যাঙ্কা ছিলেন সবার প্রিয় এবং চঞ্চল প্রকৃতির। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও তিনি বেশ মেধাবী ছিলেন। তিনি চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং পরবর্তীতে সিকিমের একটি নামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন।

ছোটবেলা থেকেই নাচ ও অভিনয়ের প্রতি প্রবল ঝোঁক ছিল দিব্যাঙ্কার। ভারতের ডিজিটাল প্ল্যাটফর্মে তার যাত্রা শুরু হয়েছিল টিকটকের মাধ্যমে। সেখানে ব্যাপক পরিচিতি পেলেও অ্যাপটি বন্ধ হওয়ার পর তিনি ইনস্টাগ্রামে নিজের সক্রিয়তা ও রাজত্ব ধরে রাখেন। বিভিন্ন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে তার প্রাণবন্ত অভিনয় ভক্তদের মুগ্ধ করত। তার এই অকাল ও আকস্মিক প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও অনুরাগীরা গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন।