এপ্রিল ২৪, ২০২৬, ০৪:৩৯ পিএম
সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তীকে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি মনে করেন, প্রকৃত পেশাদার সাংবাদিকরা কখনো এই ধরনের কুরুচিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত থাকেন না।
মূলত ভিউ পাওয়ার নেশায় একদল কনটেন্ট ক্রিয়েটর এসব করে থাকেন বলে তার পর্যবেক্ষণ।ওই অনুষ্ঠানে অবন্তী বারবার অনুরোধ করেছিলেন যেন তাকে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও করা না হয়।
তার সেই মানবিক অনুরোধ উপেক্ষা করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। অভিনেত্রী পরীমনিও ইতিমধ্যে অবন্তীর প্রতি সমর্থন জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। এবার সেই পালে হাওয়া দিলেন মিম।
বিদ্যা সিনহা মিম গণমাধ্যমকে জানান, যারা পেশাদার সাংবাদিক হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন, তাদের আচরণে সবসময় পরিশীলিত ভাব থাকে। মিমের মতে, যারা বিভিন্ন পেজ পরিচালনার আড়ালে কেবল ভিউ পাওয়ার উদ্দেশ্য নিয়ে কাজ করেন, তারাই মূলত এ ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন। সত্যিকারের সাংবাদিকরা কখনো কোনো নারীকে অস্বস্তিতে ফেলে ভিডিও ধারণ করবেন না বলে তিনি বিশ্বাস করেন।
নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতার কথা স্মরণ করে মিম জানান, এত বছর কাজ করলেও পেশাদার সাংবাদিকদের কাছ থেকে তিনি কখনোই এমন অশোভন আচরণ পাননি। তবে বড় কোনো অনুষ্ঠান হলে সেখানে অনেক সময় সাংবাদিক পরিচয় দিয়ে বাইরের কিছু লোক ঢুকে পড়ে। এই সুযোগসন্ধানী লোকগুলোর কারণেই শিল্পীদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মাঝে ঝামেলার সূত্রপাত হয় বলে তিনি মনে করেন।
সবশেষে মিম সহকর্মীদের প্রতি আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কের ওপর জোর দিয়েছেন। তিনি মনে করেন, নিয়মিত যেসব গণমাধ্যমকর্মী বিনোদন অঙ্গনে কাজ করেন, তাদের সঙ্গে শিল্পীদের একটি পারিবারিক ও বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে। সাংবাদিকরা যেমন দর্শকদের কাছে তথ্যের দায়বদ্ধতা থেকে কাজ করেন, শিল্পীরাও তেমনি দর্শকদের বিনোদন দেওয়ার জন্য পরিশ্রম করেন। একে অপরের প্রতি এই সম্মান বজায় থাকলেই সুন্দর কাজের পরিবেশ টিকে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন