মে ১৩, ২০২৬, ০১:০৪ পিএম
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলো এখনো দেশের প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে। বিশেষ করে, ‘বনলতা এক্সপ্রেস’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। তবে এবারের কোরবানির ঈদে সিনেজগতে দেখা দিয়েছে এক ভিন্নচিত্র। যেখানে প্রতি ঈদে গড়ে অন্তত আধা ডজন সিনেমা মুক্তি পায়, সেখানে এবার এখন পর্যন্ত মাত্র দুটি সিনেমার সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।চলচ্চিত্র সংশ্লিষ্টদের মনে এখন বড় প্রশ্ন—তবে কি মাত্র দুই সিনেমাতেই চলবে এবারের ঈদ?
আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন সাবিলা নূর। টিজার ও মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটি ইতোমধ্যেই আলোচনার শীর্ষে রয়েছে।
অন্যদিকে ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমাটি নিয়েও দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। নাজিফা তুষি অভিনীত এ সিনেমাটি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হওয়ার পর এবার ঈদে দেশের দর্শকদের সামনে আসার প্রস্তুতি নিচ্ছে।
তবে শঙ্কার জায়গা তৈরি হয়েছে আরো কয়েকটি বহুল প্রতীক্ষিত সিনেমাকে ঘিরে। ঈদুল আজহায় মুক্তির তালিকায় নাম থাকলেও প্রচারণায় একরকম ‘নিখোঁজ’ আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’। সাইফ চন্দন পরিচালিত এ সিনেমার কোনো পোস্টার বা টিজার এখনো প্রকাশ্যে আসেনি। অন্যদিকে, দীর্ঘ প্রতীক্ষিত ‘মাসুদ রানা’ সিনেমাটি নিয়েও ধোঁয়াশা কাটেনি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ট্রেলার প্রকাশের কথা জানালেও এখন পর্যন্ত কোনো নতুন আপডেট দেয়নি।
অনিশ্চয়তা রয়েছে শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত ‘পিনিক’ সিনেমাটি নিয়েও। গত দুই ঈদ ধরে মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে যাওয়া এ সিনেমাটি এবারও মুক্তি পাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে, নায়িকা বুবলী বর্তমানে আড়ালে থাকায় প্রচারণায় বড় ঘাটতি দেখা যাচ্ছে।
চলচ্চিত্রবোদ্ধাদের মতে, গত কয়েক বছরে দর্শকদের হলমুখী করার যে ইতিবাচক ধারা তৈরি হয়েছিল, সিনেমার সংখ্যা কমে গেলে তাতে ভাটা পড়তে পারে। যেখানে রোজার ঈদেও পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছিল, সেখানে কোরবানির ঈদে বড় বাজেটের প্রচারণা ছাড়াই মাত্র দুটি সিনেমার ওপর নির্ভর করা প্রেক্ষাগৃহ মালিকদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। শেষ পর্যন্ত ঢালিউড কিং শাকিব খানের ‘রকস্টার’ ও মেজবাউর রহমান সুমনের ‘রইদ’—এই দুই সিনেমাতেই ঈদের বাজার সীমাবদ্ধ থাকে কি না, সেটিই এখন দেখার বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন