রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিয়ে নিয়ে মিথ্যা গল্প ছড়াবেন না: মৌনি রায়

বিনোদন ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৪:১৫ পিএম

বিয়ে নিয়ে মিথ্যা গল্প ছড়াবেন না: মৌনি রায়

বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা বাঙালি অভিনেত্রী মৌনি রায় তাঁর বিয়ে ও সংসার ভাঙার গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। স্বামী সুরাজ নাম্বিয়ারের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে কয়েক দিন ধরে চলা নানা চর্চার প্রেক্ষাপটে তিনি সংবাদমাধ্যমকে এই বিষয়ে মিথ্যা গল্প না ছড়াতে অনুরোধ জানিয়েছেন।

বুধবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে দেওয়া এক পোস্টে মৌনি রায় লেখেন, বিনীত অনুরোধ করছি বিয়ে নিয়ে মিথ্যা গল্প প্রকাশ করবেন না। আমাদের কিছুটা একা থাকতে দিন ও গোপনীয়তা রক্ষা করুন। বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে চলা আলোচনার পর এই প্রথম সরাসরি প্রতিক্রিয়া জানালেন তিনি।

এর আগে সিয়াসাত ডটকমসহ বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছিল, মৌনি রায় ও সুরাজ নাম্বিয়ারের সংসারে টানাপোড়েন চলছে। গুঞ্জনটি জোরালো হয় যখন দেখা যায় তারা ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করেছেন। 

এমনকি সুরাজ তাঁর অ্যাকাউন্ট থেকে মৌনির সঙ্গে তোলা বেশ কিছু ছবি সরিয়ে ফেলেছেন বলেও দাবি করা হয়। তবে তাঁদের পুরোনো কিছু ছবি এখনো সুরাজের প্রোফাইলে দেখা যাচ্ছে।মৌনি রায়ের ব্যক্তিগত জীবন নিয়ে এমন চর্চা নতুন নয়। করোনা মহামারির সময় দুবাইতে থাকাকালীন ব্যাংকার সুরাজ নাম্বিয়ারের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ আলোচনার পর ২০২২ সালের ১৭ জানুয়ারি তাঁরা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে তাঁদের সুখী দাম্পত্যের ছবি প্রায়ই প্রকাশ্যে আসত।

টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পেলেও অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মৌনির। পরবর্তীতে ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’ সিনেমার আইটেম গানে নেচে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ‘ব্রহ্মাস্ত্র’, ‘রোমিও আকবর ওয়াল্টার’ ও ‘মেড ইন চায়না’র মতো বড় বাজেটের সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

মৌনি রায়কে সর্বশেষ দেখা গেছে ফারুক কবির পরিচালিত থ্রিলার ঘরানার সিরিজ ‘সালাকার’-এ। গত বছরের ৮ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে এটি মুক্তি পায়। বর্তমানে ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেই ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের অতিরঞ্জিত খবরে অসন্তোষ প্রকাশ করলেন এই অভিনেত্রী। তাঁর এই বার্তার পর বিচ্ছেদ নিয়ে ভক্ত ও অনুসারীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।