মে ১৩, ২০২৬, ০৫:৪২ পিএম
দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ধরা দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে পর্দার সেই চেনা অভিনেত্রীকে নতুন রূপে দেখে নেটিজেনদের একাংশের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এটি কি সত্যিই সেই আনুশকা, নাকি সময়ের আবর্তে বদলে গেছেন বিরাট-পত্নী?বর্তমানে বিরাট কোহলি আর দুই সন্তানকে নিয়ে আনুশকা শর্মা লন্ডনে থিতু হয়েছেন।
বছরের বেশিরভাগ সময় সেখানেই কাটে তাঁদের। স্বামী আর সংসার নিয়ে ব্যস্ততার কারণে রূপালি জগত থেকে গত কয়েক বছর প্রায় অদৃশ্যই ছিলেন তিনি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ ছবির পর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। এমনকি কোনো বিজ্ঞাপনী ঝলকেও তাঁর উপস্থিতি ছিল না।
সম্প্রতি একটি বিজ্ঞাপনী ছবির মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছেন আনুশকা। সেই ভিডিওতে সবুজ রঙের একটি পোশাকে, ছিমছাম সাজ আর হালকা গয়নায় দেখা গেছে তাঁকে। দীর্ঘ বিরতির পর প্রিয় নায়িকাকে পর্দায় ফিরতে দেখে ভক্তরা খুশি হলেও নায়িকার চেহারা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
একজন অনুরাগী মন্তব্য করেছেন যে, আনুশকার মুখে বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আবার অনেকের দাবি, তাঁর চেহারায় আমূল পরিবর্তন এসেছে, যা দেখে হুট করে চেনা কঠিন। এমনকি তাঁর প্লাস্টিক সার্জারি বা ফিলার নিয়ে পুরনো বিতর্কও নেটিজেনদের একাংশের মাঝে নতুন করে আলোচনায় এসেছে।তবে বিতর্কের পাশেই দাঁড়িয়েছেন তাঁর একদল একনিষ্ঠ ভক্ত। তাঁদের মতে, দীর্ঘ সময় পর প্রিয় নায়িকাকে পর্দায় দেখতে পাওয়াটাই বড় প্রাপ্তি।
একজন ভক্ত মন্তব্য করেছেন যে, সময়ের সাথে মানুষের চেহারায় পরিবর্তন আসা স্বাভাবিক। তবে এই বিতর্ক বা মন্তব্য নিয়ে আনুশকার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।২০১৮ সালের পর থেকে আনুশকার কোনো সিনেমা মুক্তি না পেলেও তাঁর ব্যক্তিগত জীবন ও লন্ডনে কাটানো মুহূর্তগুলো প্রায়ই আলোচনায় থাকে। দীর্ঘ দিন পর এই বিজ্ঞাপনী প্রচারণার মাধ্যমে তিনি আবারও পেশাদার কাজে ফিরেছেন বলে ধারণা করা হচ্ছে। নেটিজেনদের এই আলোচনার মধ্যেই ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন