মে ২১, ২০২৬, ০২:৪৬ পিএম
সাম্প্রতিক সময়ে দেশের পত্রিকা বা সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই চোখে পড়ছে নারী ও শিশু ধর্ষণ কিংবা ধর্ষণের পর নির্মম হত্যার হৃদয়বিদারক সব খবর। সমাজের এই চরম অবক্ষয় ও উদ্বেগজনক পরিস্থিতিতে এবার মুখ খুলেছেন দেশের জনপ্রিয় মডেল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী পিয়া জান্নাতুল।
বৃহস্পতিবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, শুধু কঠিন আইনি শাস্তি নিশ্চিত করলেই এই সমস্যার সমাধান হবে না, বরং সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকা অসুস্থ মানসিকতারও পরিবর্তন ঘটাতে হবে।
প্রতিনিয়ত এমন সব নৃশংস ও মর্মান্তিক খবরে আমরা একপ্রকার অভ্যস্ত হয়ে যাচ্ছি, যা একটি সুস্থ সমাজের জন্য গভীর অশনিসংকেত।ভিডিও বার্তায় পিয়া সমাজের গভীরে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক কারণগুলো নিয়ে বিস্তারিত ও সাবলীল আলোচনা করেছেন।
তিনি সমাজের বিবেককে নাড়া দিয়ে প্রশ্ন রাখেন, নারীদের প্রতি পুরুষদের এই অবদমিত ফ্রাস্ট্রেশন বা ক্ষোভ একটি অবুঝ বাচ্চা মেয়ের ওপর কীভাবে আসে? তার নিজস্ব পর্যবেক্ষণ ও বিশ্লেষণ মতে, সহজলভ্য ভায়োলেন্ট পর্নোগ্রাফি, টক্সিক ম্যাসকুলিনিটি বা বিষাক্ত পুরুষত্ব, অনিয়ন্ত্রিত রাগ, ড্রাগ অ্যাবিউজ এবং চাইল্ডহুড ট্রমার মতো গুরুতর বিষয়গুলো এর পেছনে সরাসরি দায়ী। একটি ছেলের বেড়ে ওঠার সময় তার মধ্যে যখন এই নেতিবাচক উপাদানগুলো কোনো বাধা ছাড়াই পুঞ্জীভূত হয়, তখনই এর চরম ও বিকৃত বহিঃপ্রকাশ ঘটে দুর্বল নারী বা নিষ্পাপ শিশুদের প্রতি পাশবিক আচরণের মাধ্যমে।
তাই কেবল আইনের কঠোর প্রয়োগ দিয়ে এই জঘন্য অপরাধগুলো সমাজ থেকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।পিয়া জান্নাতুল অপরাধীদের দ্রুত বিচারের পাশাপাশি এসব ঘটনার পেছনের মূল মনস্তাত্ত্বিক কারণগুলো বৈজ্ঞানিক উপায়ে খতিয়ে দেখার জোর দাবি জানান। ভিডিওর ক্যাপশনে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যে জায়গা থেকে নারীর প্রতি এমন সহিংসতার জন্ম নেয়, সবার আগে সেই মানসিকতার শেকড় সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। এই ভয়াবহ সংকট উত্তরণে তিনি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ছোটবেলা থেকেই ছেলে শিশুদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করার এবং উপযুক্ত শিক্ষা প্রদানের পরমর্শ দিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন