রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইকরা হত্যা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আলভীর মা

বিনোদন ডেস্ক

জুন ৪, ২০২৬, ১০:৫৭ পিএম

ইকরা হত্যা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আলভীর মা

আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেতা যাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি। আজ বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন।আগামী ২৪ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদনে উল্লেখ করেন, গত ২৬ এপ্রিল নাসরিন সুলতানা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেছিলেন। হাইকোর্ট তাকে ছয় সপ্তাহের আগাম জামিন প্রদান করেন। 

আদালতের নির্দেশ অনুযায়ী আজ তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে পুনরায় জামিন প্রার্থনা করেন। বয়স্ক বিবেচনায় এবং তিনি পালিয়ে যাবেন না মর্মে জামিন মঞ্জুরের আর্জি জানানো হয়।রাষ্ট্রপক্ষ জামিন আবেদনের বিরোধিতা করেনি।

উল্লেখ্য, গত বছরের ২৮ ফেব্রুয়ারি ইকরার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা কবির হায়াত খান আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আলভী ও তার মা নাসরিন সুলতানাকে আসামি করে মামলা দায়ের করেন। অভিযোগে পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করা হয়।