জুন ৪, ২০২৬, ১১:৩৫ পিএম
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির রাজধানীর বাসায় চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার বিকেলে নায়িকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃতরা হলেন ফারুক ও তার স্ত্রী।অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
গত ২৬ মে শুটিংয়ের কাজে ঢাকার বাইরে থাকার সময় কাফরুল থানার সেনপাড়া পর্বতা এলাকার নিজ বাসায় চুরির ঘটনাটি ঘটে। ববির অভিযোগ, দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে। এতে প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
চুরি যাওয়া অলংকারের মধ্যে ছিল বাবার স্মৃতিবিজড়িত মূল্যবান সামগ্রী।অভিনেত্রী জানান, স্বর্ণালঙ্কারগুলোর আর্থিক মূল্যের চেয়ে বাবার দেওয়া স্মৃতির মূল্যই তার কাছে অনেক বেশি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করে ববি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জড়িত অন্যদের শনাক্ত ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন