জুন ৫, ২০২৬, ০৭:১৬ পিএম
চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই সুখবর জানিয়েছেন বুবলী। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান।গত ১১ মে এই কন্যাসন্তানের জন্ম হয়েছে।
বুবলী তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, আল্লাহর রহমতে তাদের পরিবারে নতুন সদস্য এসেছে। শুভকামনা জানানো সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নবজাতকের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই তারকা। শাকিব খান ও বুবলীকে ওই পোস্টে আনন্দিত অভিভাবক হিসেবে উল্লেখ করা হয়েছে।
বেশ কিছুদিন ধরেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছিল।তবে বিষয়টি নিয়ে এতদিন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি। অভিনয়ের জগৎ ও গণমাধ্যম থেকেও কিছুটা দূরে ছিলেন এই অভিনেত্রী। ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলী বিয়ে করেন।
২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। অপু বিশ্বাসের ঘরে শাকিবের আব্রাহাম খান জয় নামে আরও এক ছেলে রয়েছে।দুই পুত্রসন্তানের পর এটি তাদের প্রথম কন্যাসন্তান।পরিবার ও স্বজনদের মধ্যে এই নতুন সদস্যের আগমনকে কেন্দ্র করে আনন্দের আবহ তৈরি হয়েছে। শাকিব ও বুবলীর সম্পর্কের নতুন এই অধ্যায়টি নিয়ে বিনোদন অঙ্গনে এখন ব্যাপক আলোচনা চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন