জুন ৮, ২০২৬, ০৫:০৪ পিএম
ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন গুঞ্জন শুরু হয়েছে। একাধিক সংবাদমাধ্যমের দাবি, দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা। সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইশমায়েল উইলিয়ামের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে বলেও শোনা যাচ্ছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইশমায়েল ও জেনিফার কিছুদিন ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। এক ছুটির দিনে ইশমায়েল তাকে বিয়ের প্রস্তাব দিলে অভিনেত্রী তাতে সম্মতি জানান। বর্তমানে তারা বিয়ের প্রস্তুতি শুরু করেছেন।
জেনিফারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অভিনেত্রী নিজেই বিয়ের আয়োজক ও সার্ভিসগুলোর তালিকা তৈরি করছেন। বিয়ের জন্য সেপ্টেম্বর থেকে অক্টোবর অথবা ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময়টি বিবেচনা করা হচ্ছে। যদিও এখনো অনুষ্ঠানের নির্দিষ্ট ভেন্যু চূড়ান্ত হয়নি। তবে হার্লিন শেঠি ও জেনেলিয়া দেশমুখসহ ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরা এই পরিকল্পনার বিষয়ে অবগত আছেন।
সোশ্যাল মিডিয়ায় জেনিফার বিয়ে-সংক্রান্ত কিছু বিষয় অনুসরণ করার পর থেকে ভক্তদের মধ্যে গুঞ্জনটি আরও জোরালো হয়েছে। এর আগেও ইনস্টাগ্রাম রিলসে একটি মন্তব্য ঘিরে সম্পর্কের এই গুঞ্জন ডালপালা মেলেছিল।
উল্লেখ্য, জেনিফার উইংগেট এর আগে ২০১২ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে ২০১৪ সালে সেই জুটির বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৬ সালে করণ অন্য অভিনেত্রীকে বিয়ে করেন। প্রথম বিয়ের তিক্ত অভিজ্ঞতার পর জেনিফারকে দীর্ঘদিন বিয়ের বিষয়ে আগ্রহী দেখা যায়নি। এবার নতুন সম্পর্কে জড়ানো ও বিয়ের খবরে বিনোদন জগতে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন