রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে বলিউড সিনেমা ককটেল ২

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৮, ২০২৬, ১০:২৪ পিএম

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে বলিউড সিনেমা ককটেল ২

ককটেল ২ সিনেমার দৃশ্য

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ককটেল ২ মুক্তির আগেই বড় ধরনের ব্যবসায়িক সাফল্য পেয়েছে। চলতি বছরের অন্যতম ব্যয়বহুল এই রোমান্টিক সিনেমাটি মুক্তির আগেই তার বাজেটের ৫০ শতাংশ অর্থ তুলে নিয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে সিনেমার ট্রেলার উন্মোচনের পর থেকেই সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

সিনেমাটি নির্মাণ করেছেন হোমি আদাজানিয়া। এতে অভিনয় করেছেন শহিদ কাপুর, কৃতি স্যানন এবং রাশমিকা মান্দানা। মোট ১৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমার নির্মাণে ব্যয় হয়েছে ৯৫ কোটি রুপি। এর মধ্যে প্রধান তিন তারকার পারিশ্রমিক বাবদ খরচ হয়েছে ৩৫ কোটি রুপি। 

প্রচার ও বিজ্ঞাপনের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ২০ কোটি রুপি।সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান ম্যাডডক ফিল্মস জানিয়েছে, ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম, টেলিভিশন ও মিউজিক স্বত্ব বিক্রির মাধ্যমে এরই মধ্যে ৭৫ কোটি রুপি আয় হয়ে গেছে। মুক্তির আগেই এমন ব্যবসায়িক সাফল্য চলচ্চিত্র সংশ্লিষ্টদের নতুন করে আশান্বিত করেছে।

পরিচালক হোমি আদাজানিয়া জানিয়েছেন, ২০১২ সালের সুপারহিট সিনেমা ককটেলের সিক্যুয়েল হলেও, নতুন এই সিনেমার গল্পের সঙ্গে পূর্বের কাহিনির সরাসরি মিল নেই। তরুণ জৈন ও লাভ রঞ্জনের চিত্রনাট্যে সিনেমাটি নতুন দৃষ্টিভঙ্গিতে নির্মিত হয়েছে।১৯ জুন সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ককটেল ২। বক্স অফিসে সিনেমাটি নতুন রেকর্ড গড়বে বলে প্রত্যাশা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।