জুন ৯, ২০২৬, ১১:১৯ এএম
বলিউডের ইতিহাস ও গ্ল্যামার জগতের এক অনন্য নাম আসিন থোট্টুমকাল। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় অভিনয়কে বিদায় জানানো নায়িকাদের তালিকায় তিনি অন্যতম। ২০০৮ সালে আমির খানের বিপরীতে ‘গজনী’ সিনেমায় কাজ করে রাতারাতি খ্যাতির চূড়ায় পৌঁছেছিলেন তিনি। ছবিটি ছিল বলিউডের প্রথম ১০০ কোটি রুপি আয় করা চলচ্চিত্র।
কেরালা থেকে উঠে আসা মেধাবী এই অভিনেত্রী মালয়ালাম, তামিল, তেলেগু ও হিন্দি—চারটি ইন্ডাস্ট্রি শাসন করেছেন। ‘গজনী’র পর ‘রেডি’, ‘হাউসফুল ২’ ও ‘বোল বচ্চন’-এর মতো সুপারহিট সিনেমা তাঁকে বলিউডের বাণিজ্যিক সফলতার প্রতীক করে তুলেছিল।
কিন্তু ৩০ বছর বয়সে ক্যারিয়ারের শিখরে থাকা আসিন সবাইকে অবাক করে অভিনয় থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান।ব্যক্তিগত জীবনে আসিন ২০১৬ সালের জানুয়ারিতে মাইক্রোম্যাক্সের সহপ্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করেন। অভিনেতা অক্ষয় কুমারের হাত ধরে শুরু হওয়া এই সম্পর্কের পর আসিন সম্পূর্ণরূপে নিজেকে পারিবারিক জীবনে সমর্পণ করেন। ২০১৭ সালে তাদের সংসারে কন্যাসন্তান আরিন রায়ন শর্মার জন্ম হয়। এর পর থেকেই আসিনকে আর রুপালি পর্দায় দেখা যায়নি।
বর্তমানে আসিন ও রাহুল শর্মা তাদের পরিবার নিয়ে দিল্লি ও মুম্বাইয়ে একটি অত্যন্ত ব্যক্তিগত জীবন অতিবাহিত করছেন। মাইক্রোম্যাক্সের সহপ্রতিষ্ঠাতা রাহুলের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ১ হাজার ৩০০ কোটি রুপি। বিলাসবহুল জীবনযাপন করলেও আসিন গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে সম্পূর্ণ আড়াল করে রেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি অত্যন্ত সীমিত এবং শুধুমাত্র বিশেষ পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার করেন।
অনেকেই তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকলেও, আসিন এখন মা হিসেবে ও স্ত্রী হিসেবে সংসারকেই তাঁর জীবনের মূল কেন্দ্রবিন্দু মনে করেন। রূপালী পর্দার সেই মোহময়ী আসিন এখন একান্তই নিজের মতো করে, লাইমলাইটের আড়ালে এক সুখী জীবন যাপন করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন