জুন ২৭, ২০২৬, ০৮:২৫ পিএম
একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য ‘রক্তের বন্ধন’ নামে একটি নতুন বিশেষ ধারাবাহিক নাটক নির্মাণ করা হয়েছে। এটি মূলত একটি পারিবারিক গল্পের নাটক যার চিত্রনাট্য ও পরিচালনা করছেন মেঘ হিম। রাজধানী ঢাকার অদূরে মুন্সীগঞ্জের লৌহজং থানার হলদিয়া বাজারের সুইচগেট সংলগ্ন একটি বাড়িতে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে নাটকটির দৃশ্যধারণের কাজ চলছে।
নাটকটি নিয়ে আশাবাদী অভিনয়শিল্পীরা।এই ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শায়লা সাথী, আবিদ বিন প্রান্ত, দীপা খন্দকার, জেবুন্নেসা টুনটুনি ও কাজী রাজু। এছাড়া রেশমা আহমেদ, বাপ্পী আশরাফ, শিউলী শিলা, মাসুদ আলম ও পারিসা জান্নাতসহ আরও অনেকে এতে যুক্ত রয়েছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী রেশমা আহমেদ জানান, দূরবর্তী লোকেশনে অনেক কষ্ট করে কাজ করলেও চমৎকার গল্পের কারণে সবাই কাজটি উপভোগ করছেন। পরিচালক মেঘ হিম অত্যন্ত যত্ন নিয়ে ও ধৈর্য্যের সাথে কাজটি করছেন বলে তিনি উল্লেখ করেন।
অনেকদিন পর ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন শিউলী শিলা। তিনি সহশিল্পী গুণী অভিনেতা বাপ্পী আশরাফের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে বেশ ইতিবাচক বলে অভিহিত করেন। অন্যদিকে নবাগত অভিনেতা আবিদ বিন প্রান্ত সহশিল্পীদের স্নেহ ও ভালো পরামর্শের কারণে নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন।প্রধান সহশিল্পী শায়লা সাথীর সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতাকে তিনি চমৎকার বলে উল্লেখ করেন। তাকে এই কাজের সুযোগ দেওয়ার জন্য তিনি পরিচালকের প্রতি ধন্যবাদ জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন