রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শেষ হলো শিল্পী সমিতির ভোটগ্রহণ, কখন ফলাফল?

বিনোদন ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৭:০৩ পিএম

শেষ হলো শিল্পী সমিতির ভোটগ্রহণ, কখন ফলাফল?

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন শিল্পী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু ভোটার উপস্থিতির হার ৮৪ শতাংশ বলে নিশ্চিত করেছেন।

সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ জুমার নামাজের বিরতি বাদে দিনভর শান্তিপূর্ণভাবেই চলেছে। এফডিসিতে এদিন প্রবীণ ও নবীন শিল্পীদের মিলনমেলা লক্ষ্য করা গেছে। নির্বাচন ঘিরে এফডিসি প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা সানু ও জয় চৌধুরী। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদের জন্য বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে ২৭ জন প্রার্থী লড়ছেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে ভোট গণনার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আজ রাতেই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে। আগামী দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পীরা তাদের নতুন নেতৃত্বকে বেছে নেবেন।