রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়

বিনোদন ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ১১:৫৭ এএম

মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়

ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স ও আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের পর থেকেই প্রশংসায় ভাসছে দলটি। শ্বাসরুদ্ধকর ম্যাচে শুরুর দুই গোলের পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। মাঠের সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে সমর্থকদের মাঝে।

এই জয়ে সাধারণ দর্শকের পাশাপাশি ঢাকার শোবিজ অঙ্গনের তারকারাও মেতে উঠেছেন উচ্ছ্বাসে। তাদেরই একজন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। প্রিয় দল আর্জেন্টিনার এই জয়ের পর নিজের ভালো লাগার কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

মঙ্গলবার দিবাগত রাতে ম্যাচ শেষ হওয়ার পর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রিয় দলের জার্সি পরা কয়েকটি ছবি পোস্ট করেন পূর্ণিমা। ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।নিজের অনুভূতি প্রকাশ করে নায়িকা আরও বলেন, পুরো বিশ্ব যখন ভেবেছিল সব শেষ, ঠিক তখনই মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। 

সাহস, আবেগ আর বিশ্বাসের নান্দনিক মিশেলে তারা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ।প্রিয় দলের জয়ে পূর্ণিমার এমন আবেগঘন প্রতিক্রিয়া নজর কেড়েছে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের। মন্তব্যের ঘরে অনেকেই নায়িকার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আর্জেন্টিনাকে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।