বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নির্মাণ শ্রমিক থেকে গানের মঞ্চে সফল শিমুল হাসান

বিনোদন ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ০৬:০৮ পিএম

নির্মাণ শ্রমিক থেকে গানের মঞ্চে সফল শিমুল হাসান

ছবি - সংগৃহীত

নদীভাঙনে সব হারিয়ে পথে বসেছিল পরিবার। বেঁচে থাকার তাগিদে কখনো রিকশা চালিয়েছেন, কখনো করেছেন রাজমিস্ত্রির কাজ। গার্মেন্টসের চাকরি হারিয়ে সিএনজি চালিয়েছেন দিনের পর দিন। সেই অভাবী তরুণই এখন দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী শিমুল হাসান। নিজের লেখা ও গাওয়া গানে এখন কোটি ভিউ, বদলে গেছে পুরো জীবনের গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এই দীর্ঘ সংগ্রামের কথা জানিয়েছেন তিনি।

২০০৩ সালের দিকে বগুড়ায় নদীভাঙনের শিকার হয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আশ্রয় নেয় তার পরিবার। অভাবের কারণে পড়াশোনা বেশিদূর এগোয়নি। ছোটবেলা থেকেই গানের প্রতি তীব্র টান ছিল। ২০১১ সালে শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় পাড়ি জমিয়ে গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি নেন।বেতন ছিল মাত্র ছয় হাজার টাকা।

এই টাকা দিয়ে নিজের খরচ মেটানোর পাশাপাশি গ্রামের বাড়িতেও টাকা পাঠাতে হতো। গানের তালিম নেওয়ার প্রবল ইচ্ছা থাকলেও আর্থিক সংকটে তা সম্ভব হয়নি। সারাদিন কাজ শেষে রাতে বিভিন্ন মাজার ও গানের আসরে ঘুরে বেড়াতেন শুধু একটি গান গাওয়ার সুযোগ পেতে। বেশিরভাগ দিনই সুযোগ জুটত না। পনেরো থেকে বিশ কিলোমিটার পথ হেঁটে ভোরে শূন্য হাতে বাসায় ফিরতে হতো তাকে।

রাত জেগে গানের আসরে যাওয়ার কারণে একসময় গার্মেন্টসের চাকরি চলে যায়। বাধ্য হয়ে ঢাকায় রিকশা চালানো শুরু করেন। পরিবারকে না জানিয়ে আমিনবাজারে নির্মাণ শ্রমিকের কাজও করেছেন কিছু দিন। করোনাভাইরাসের সময় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়লে গ্রামে ফিরে লুকিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করেন।একদিন মেয়ের জন্য দোকান থেকে সামান্য খাবার বাকিতে নিতে চেয়েছিলেন। কিন্তু আগের বকেয়া থাকায় দোকানি তার হাত থেকে খাবার কেড়ে নেন।এই অপমান তাকে গভীরভাবে নাড়া দেয়।

মাকে বলে কয়েকটি ছাগল ও ভেড়া বিক্রি করে এবং জমি বন্ধক রেখে একটি সিএনজি কেনেন। দিনে সিএনজি চালাতেন আর রাতে গানের আসরে যেতেন। সিরিয়াল পাওয়ার ফাঁকে সিএনজিতেই ঘুমিয়ে নিতেন। এভাবেই চলতে থাকে তার জীবনযুদ্ধ। পরে আট হাজার টাকা সুদে ধার করে একটি মোবাইল ফোন কিনে নিজের গান রেকর্ড করে ইন্টারনেটে প্রকাশ করতে শুরু করেন।স্থানীয় একটি স্টুডিওর মাধ্যমে গান রেকর্ড করার পর তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ‍‍`প্রেমের কি নাম দিব বলো না‍‍` এবং ‍‍`কষ্টের নদী‍‍` গানগুলো দিয়ে পরিচিতি পাওয়ার পর নিজেই মৌলিক গান লেখা শুরু করেন। 

তার লেখা ‍‍`ভাইঙ্গা দিয়া আমার অন্তর‍‍` গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ইন্টারনেট থেকে প্রথম আয়ে একসঙ্গে আড়াই লাখ টাকা হাতে পান তিনি।এখন আর সেই অভাব নেই। যে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা একসময় গান করার কারণে তাকে নিয়ে সমালোচনা করতেন, তারাই এখন তার সফলতায় গর্ববোধ করেন। শূন্য থেকে শুরু করে নিজের চেষ্টায় আজ লাখো মানুষের ভালোবাসা অর্জন করেছেন শিমুল হাসান।