জুলাই ২৫, ২০২৬, ১২:৪৯ পিএম
ঢাকায় কনসার্টে অংশ নিতে এসে বাংলাদেশকে নিজের দ্বিতীয় বাড়ি বলে অভিহিত করেছেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম।এখানকার মানুষের ভালোবাসা ও সংগীতের প্রতি অনুরাগ তাকে মুগ্ধ করে বলে জানান তিনি।গত বুধবার দিবাগত রাতে তিনি ঢাকায় পৌঁছান।রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে আয়োজিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টের আগে গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা বিমানবন্দর হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় বাংলাদেশের খাবার ও সংস্কৃতির প্রতি নিজের ভালোলাগার কথা প্রকাশ করেন এই গায়ক। বিশেষ করে এখানকার খিচুড়ি, বিরিয়ানি ও মালাই চা তার অত্যন্ত পছন্দের বলে উল্লেখ করেন তিনি। বিশ্বের যেকোনো প্রান্তে খাবার নিয়ে কথা উঠলে তিনি ভক্তদের একবার বাংলাদেশে এসে এখানকার খাবার খেয়ে দেখার পরামর্শ দেন বলে জানান।
বাংলাদেশি দর্শকদের প্রশংসা করে আতিফ আসলাম জানান, এখানকার শ্রোতারা তার গানের সঙ্গে যেভাবে আবেগঘন প্রতিক্রিয়া জানান, তা অন্য কোথাও সচরাচর দেখা যায় না। তার কালজয়ী গান ‘আদাত’ পরিবেশনের সময় দর্শকদের সম্মিলিত কণ্ঠ তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। সংবাদ সম্মেলনে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে কাজ করার স্মৃতির কথা স্মরণ করে তাকে শ্রদ্ধা জানান তিনি।
বাংলা গান গাওয়ার আগ্রহ প্রকাশ করলেও সঠিক উচ্চারণ আয়ত্ত না করে গান গেয়ে ভাষার প্রতি কোনো অশ্রদ্ধা দেখাতে চান না বলে স্পষ্ট করেন এই শিল্পী।বাংলাদেশের মানুষকে নিজের পরিবারের অংশ মনে করেন এবং ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আতিফ আসলাম। শুক্রবারের কনসার্টের মাধ্যমে তিনি ঢাকার শ্রোতাদের মাতিয়ে তোলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন