আগস্ট ২, ২০২৬, ০১:৪১ পিএম
অস্ট্রেলিয়ার সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ নাইট ২০২৬’। উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার মনোমুগ্ধকর পরিবেশনায় সংগীত, আবেগ ও বাঙালিয়ানার এক বর্ণিল সন্ধ্যায় মেতে ওঠেন হাজারো প্রবাসী। সিডনির বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিপুলসংখ্যক বাংলাদেশি।
মিলনায়তন ভরে ওঠে।সন্ধ্যার শুরু থেকেই উৎসবের আবহে মুখর ছিল পুরো প্রাঙ্গণ। সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ রুনা লায়লা তার সংগীতজীবনের ষাট বছর পূর্তি উপলক্ষে সাতজন দক্ষ যন্ত্রশিল্পীকে সঙ্গে নিয়ে অসংখ্য কালজয়ী গান পরিবেশন করেন। বেঙ্গল সিম্ফনি ও কোক স্টুডিও বাংলা-খ্যাত শিল্পীদের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানজুড়ে দর্শকদের আবেগ ও উচ্ছ্বাস ছিল অত্যন্ত স্পষ্ট। প্রবীণদের স্মৃতিচারণ, তরুণদের অংশগ্রহণ এবং শিশুদের উপস্থিতি পুরো অনুষ্ঠানকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঙালি সংস্কৃতির এক সেতুবন্ধনে পরিণত করে। এর আগে ২০০৭ সালে সিডনি অপেরা হাউসে এবং ২০১৪ সালে প্রবাস পরবনী বেঙ্গল সাংস্কৃতিক উৎসবে অংশ নিয়েছিলেন এই কিংবদন্তি শিল্পী।
সিডনিতে এই সফল আয়োজনের পর আগামী আট আগস্ট মেলবোর্ন রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড বেঙ্গল সিম্ফনি লিগ্যাসি ট্যুর’-এর পরবর্তী কনসার্ট। সিডনির এই স্মরণীয় আয়োজন প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন