আগস্ট ৪, ২০২৬, ১০:৪০ এএম
দীর্ঘ এক বছরের বেশি সময় লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গতকাল সোমবার হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি ঢাকায় পৌঁছান।দেশে ফেরার সময় এই বরেণ্য অভিনেতাকে হুইলচেয়ারে বেশ ক্লান্ত দেখা যাচ্ছিল।
বিমানবন্দরে উপস্থিত স্বজন ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। এ সময় তার সঙ্গে মেয়ের জামাই আরিফুল ইসলাম কলিন্স উপস্থিত ছিলেন। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর গত বছরের এপ্রিলে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এই অভিনেতা। এরপর আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়।
তবে চিকিৎসকদের মতে, ঝুঁকির কারণে টিউমারের পুরো অংশ অপসারণ করা সম্ভব হয়নি। নিরাপদ সড়ক চাই আন্দোলনের ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ জানান, গত এক বছরে এই অভিনেতা ৬০টি কেমোথেরাপি নিয়েছেন। এতদিন চিকিৎসা চললেও আশানুরূপ উন্নতি হয়নি। আগামী ১৫ আগস্ট পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা নির্ধারিত থাকায় ১৪ আগস্টের আগেই তাকে আবারও লন্ডনে ফিরে যেতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন