আগস্ট ৭, ২০২৬, ০৩:১৭ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’ মঞ্চে আর্ক ব্যান্ডের জনপ্রিয় ভোকালিস্ট হাসানকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই সংগীতাঙ্গনসহ সর্বমহলে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের ব্যর্থতাকে অনেকে দায়ী করছেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, মঞ্চে গান পরিবেশনের সময় দর্শক সারি থেকে হাসানকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ করা হচ্ছে।এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ তার ফেসবুক পেজে লিখেছেন যে, শিল্পী হাসান যখন গান পরিবেশন করছিলেন, তখন দর্শক সারির কিছু ব্যক্তি তাকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারেন এবং `ভুয়া` স্লোগান দেন।তিনি এ ঘটনার যথাযথ তদন্ত ও জড়িতদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।
এছাড়া অভিনেতা মিশা সওদাগর, সংগীতশিল্পী রবি চৌধুরী ও লুৎফর হাসানসহ সংগীতাঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তি ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং দ্রুত শাস্তির দাবি তুলেছেন।তানভীর তারেকসহ অন্যান্য সংগীতশিল্পীরা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে মন্তব্য করেছেন যে, এ ধরনের কর্মকাণ্ড শিল্পীর অবমাননা এবং তা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়। প্রশাসনের প্রতি তাদের দাবি ছিল ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজলুর রহমান জানিয়েছেন যে, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি নিশ্চিত করেছেন। কনসার্ট চলাকালে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন