রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ নীরবতা ভেঙে মুখ খুললেন চিত্রনায়িকা শাবনূর

বিনোদন ডেস্ক

আগস্ট ৯, ২০২৬, ১০:৪৭ এএম

সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ নীরবতা ভেঙে মুখ খুললেন চিত্রনায়িকা শাবনূর

ছবি : সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও এখনো এ নিয়ে আলোচনা ও বিতর্ক থামেনি। সম্প্রতি একটি মহলের পক্ষ থেকে তার মৃত্যুর ঘটনায় জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে জড়িয়ে নানা ধরনের ভিত্তিহীন ও মনগড়া বক্তব্য উপস্থাপন করা হয়। দীর্ঘদিন এই বিষয়ে নিরবতা বজায় রাখলেও অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত বক্তব্য দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রখ্যাত এই চিত্রনায়িকা।

সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ ও জোরালো পোস্টে শাবনূর এসব মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।পোস্টে তিনি উল্লেখ করেন যে রিজভী আহমেদ নামের যে ব্যক্তি অতীতে রাজসাক্ষী হওয়ার দাবি করেছিল এবং সম্প্রতি তাকে নিয়ে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে, তার সঙ্গে অতীতে কখনোই কোনো সম্পর্ক ছিল না। সালমান শাহর মৃত্যুর দীর্ঘ সময় পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে আর্থিক প্রলোভন কিংবা অন্য কোনো প্ররোচনায় পড়ে ওই ব্যক্তি ভিত্তিহীন কথা ছড়াচ্ছে বলে তিনি দাবি করেন। 

সহকর্মী ও বড় ভাইয়ের মতো শ্রদ্ধার পাত্র সালমান শাহর মৃত্যুর সঙ্গে তার বিন্দুমাত্র কোনো ধরনের যোগাযোগ ছিল না বলে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন তিনি।চলচ্চিত্রাঙ্গনে নিজের দীর্ঘ ক্যারিয়ারে কারও সঙ্গে কখনো কোনো ধরনের কূটনামি বা ষড়যন্ত্রমূলক আচরণ করেননি বলে স্পষ্ট জানিয়েছেন এই অভিনেত্রী। মামলার মোড় ঘুরিয়ে দিতে এবং প্রকৃত সত্যকে আড়াল করার অসৎ উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এসব মিথ্যা অপবাদ ছড়াচ্ছে বলে তিনি মনে করেন।

সালমান শাহর মর্মান্তিক মৃত্যুর পেছনে প্রকৃত সত্য কী ছিল, তা নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ একটি তদন্তের মাধ্যমে জাতির সামনে উন্মোচিত হোক—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।প্রিয় সহশিল্পীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পুনর্ব্যক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন।