আগস্ট ১৯, ২০২৬, ০৭:০৫ পিএম
রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সম্প্রতি চালু করা বিশেষ ‘পিংক বাস’ সেবা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা ট্রলের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। নারীদের জন্য নির্ধারিত এই ব্যতিক্রমী উদ্যোগটি নিয়ে যারা উপহাস করছেন, তাদের কড়া ভাষায় জবাব দিয়েছেন তিনি।
আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় অভিনেতা জানান, এই ধরনের প্রয়োজনীয় ও সংবেদনশীল উদ্যোগ নিয়ে কটূক্তি করা এক ধরনের কুরুচিপূর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ।ফেসবুক পোস্টে নিলয় আলমগীর লিখেছেন, পিংক বাস নিয়ে অনেকেই ফান বা ট্রল করছেন। তার মতে, এ ধরনের নেতিবাচক রসিকতা যারা করেন, তারা মূলত নিম্নশ্রেণীর ও নোংরা মানসিকতার অধিকারী।
তার এই মন্তব্য প্রকাশের পর থেকেই ভার্চুয়াল জগতে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।নেটিজেনদের একটি অংশ অভিনেতার এই বক্তব্যকে সমর্থন জানিয়ে বলছেন, নারীদের পরিবহন ব্যবস্থাকে অবমূল্যায়ন করার মানসিকতার বিরুদ্ধে এটি একটি সাহসী অবস্থান।
অন্যদিকে, আরেকটি পক্ষ তার মন্তব্যের শব্দচয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচকদের দাবি, বিশেষ একটি পেশাজীবী গোষ্ঠীর নাম উল্লেখ করে তাদের এভাবে নিচু করে কথা বলা উচিত হয়নি। সবমিলিয়ে অভিনেতার এই স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং বিতর্ক অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন