শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,
মধুপুরে ঝড়

১৫ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড কলা ও পেঁপে বাগান, ক্ষতি শত কোটি টাকা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৬, ১২:৫১ এএম

১৫ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড কলা ও পেঁপে বাগান, ক্ষতি শত কোটি টাকা

মাত্র পনেরো মিনিটের আকস্মিক ঝড়ে টাঙ্গাইলের মধুপুরে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রায় সাত হাজার বিঘা জমির কলা ও পেঁপে বাগান। কৃষকদের কঠোর পরিশ্রমে গড়ে ওঠা এসব বাগান মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় শত কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, আর মাত্র কয়েকদিনের মধ্যেই কলাগুলো বাজারজাত করার উপযোগী হওয়ার কথা ছিল। অনেক বাগানে পাইকারদের সাথে বিক্রির জন্য দরদামও চলছিল। কিন্তু বুধবার দুপুরে হঠাৎ আঘাত হান্দা এই ঝড়ে শোলাকুড়ি, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া, কুড়াগাছা ও পিরোজপুর এলাকার বাগানগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে শুধু ফলমূলের গাছই নয়, পাশাপাশি বড় বড় গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এর ফলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। হঠাৎ এই সর্বনাশা ঝড়ে বড় ধরনের লোকসানের মুখে পড়ে নিঃস্ব হয়ে গেছেন শত শত চাষি।

ক্ষতিগ্রস্ত এক কৃষক কান্নাজড়িত কণ্ঠে জানান, তাদের আর কিছুই অবশিষ্ট নেই এবং তারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। আকস্মিক এই বিপর্যয়ের পর কৃষকদের এখন একটাই প্রত্যাশা—সরকারি সহায়তা ও পুনর্বাসন। ঘুরে দাঁড়ানোর আকুতি জানিয়ে তারা বিনা সুদে ঋণ বা বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছেন, যাতে তারা আবার কৃষিকাজে ফিরে আসতে পারেন।

এ বিষয়ে টাঙ্গাইল মধুপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ বি এম খাইরুল আলম জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত বাগানগুলোর সঠিক তালিকা তৈরি করে সহায়তার জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে প্রায় একশ কোটি টাকার ক্ষয়ক্ষতির প্রাক্কলন পাওয়া গেছে, যা আরও বাড়তে পারে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষক ভাইদের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন ও সরকারিভাবে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হবে।