বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সালমান শাহ হত্যা মামলা ডনকে ৭ দিনের রিমান্ডে আবেদন

বিনোদন ডেস্ক

আগস্ট ২৪, ২০২৬, ০৬:৪০ পিএম

সালমান শাহ হত্যা মামলা ডনকে ৭ দিনের রিমান্ডে আবেদন

ছবি : সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। গত রবিবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মজিবুর রহমান ঢাকার আদালতে এ আবেদন করেন। আবেদনের শুনানির জন্য আগামী ছাব্বিশ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। 

ওইদিন আসামিকে আদালতে হাজির করা হবে। রিমান্ড আবেদনে সিআইডি জানিয়েছে, ডনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা গেলে সালমান শাহের মৃত্যুর ঘটনায় প্রকৃত রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারেও তার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার আশা করছে তদন্ত সংস্থা। 

এ ছাড়া ডনের সঙ্গে সংশ্লিষ্ট সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং তাদের অবস্থান শনাক্ত করার বিষয়টিও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকার পরও তিনি কীভাবে এবং কার সহযোগিতা বা প্ররোচনায় বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, জিজ্ঞাসাবাদে সে বিষয়টিও বেরিয়ে আসতে পারে বলে মনে করছে অপরাধ তদন্ত বিভাগ। 

এর আগে গত নয় আগস্ট ভোরে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে একই দিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।