বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মারা গেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জিভি নারায়ণ রাও

বিনোদন ডেস্ক

আগস্ট ২৮, ২০২৬, ১১:০৪ এএম

মারা গেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জিভি নারায়ণ রাও

ছবি : সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি জমালেন তেলেগু সিনেমার জনপ্রিয় প্রখ্যাত অভিনেতা ও প্রযোজক জিভি নারায়ণ রাও। হায়দরাবাদে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর এবং তার এই আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন সহকর্মীরা।

অভিনেত্রী ক্যারাটে কল্যাণী গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বৈকুণ্ঠ মহাপ্রস্থানম শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ১৯৭৬ সালে কে বলচন্দরের ‘অন্থুলেনি কথা’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় পা রেখেছিলেন তিনি। দীর্ঘ পাঁচ দশকের অভিনয়জীবনে তিনি প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘ওকা উরি কথা’, ‘মঞ্চু পাল্লাকি’সহ বেশ কিছু ব্যবসাসফল ও প্রশংসিত চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি দর্শকহৃদয়ে স্থান করে নেন।

অভিনয়ের পাশাপাশি তিনি বেশ কিছু জনপ্রিয় সিনেমা প্রযোজনাও করেছিলেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে চিরঞ্জীবী এবং রজনীকান্তের মতো শীর্ষ তারকাদের সঙ্গে কাজ করার পাশাপাশি তিনি ছোটপর্দায়ও বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন। তার এই চিরবিদায়ে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হয়েছে।